২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছুরিকাঘাতে প্রেমিকাকে খুন

নগরীর কোতয়ালী থানার আমীরবাগে এক আবাসিক ভবনের ছাদে প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকা নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2010, 03:26 PM

Updated : 25 Aug 2022, 07:26 PM

চট্টগ্রাম, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কোতয়ালী থানার আমীরবাগে এক আবাসিক ভবনের ছাদে প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকা নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে আমীরবাগের ৫৬/বি আইডিয়াল হাউজ নামক বাড়ির ছাদে ছুরিকাঘাতে নিহত হন সারিমা রহমান (১৯) নামে নগরীর ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় সেমেস্টারের শিক্ষার্থী। কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মোহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সারিমার বাসা নগরীর ও আর নিজাম রোডে। তার বাবা মিজানুর রহমান মানিক সেন্ট্রাল প্লাজার ব্যবসায়ী। ঘটনার পর থেকে প্রেমিক সৌরভ পলাতক রয়েছে। তার বাড়ি বায়েজিদ এলাকায়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সারিমার বন্ধু সাফাত ইসতিয়াক এবং বাড়ির দারোয়ান আবুল বাশারকে আটক করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি আইডিয়াল হাউজের পাশের বাড়ির ছাদ থেকে উদ্ধার করা হয়েছে। এসআই মোহসিন জানান, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ছাত্রী সারিমার সঙ্গে বখাটে সৌরভের সম্পর্ক ছিলো। ইদানিং এ সম্পর্ক ভালো না যাওয়ায় সৌরভ তার এক বন্ধুকে দিয়ে সারিমাকে আরকে বন্ধু সাফাত ইসতিয়াকের আমীরবাগের বাসায় ডেকে আনেন। তিনি জানান, ওই বাসার ছাদে ডেকে নিয়ে গিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে সারিমাকে ছুরিকাঘাত করে সৌরভ। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১২১ঘ.