২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জের ঘটনায় গ্রেপ্তার আরো তিন

সিরাজগঞ্জে ট্রেন ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় আরো তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2010, 02:16 PM

Updated : 25 Aug 2022, 07:26 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে ট্রেন ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় আরো তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। (আরো তথ্যসহ) এরা হলেন- আবু বকর (৩৫), সুজাবত আলী সুজা ওরফে সূর্য (৪০) ও বাদশা। এ নিয়ে এই ঘটনায় ৮৩ জনকে গ্রেপ্তার করা হলো। এদিকে সলঙ্গা উপজেলায় আল-আমিন নামের আরো একজনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেলেও পুলিশ তা নিশ্চিত করতে পারেনি। বৃহস্পতিবার সন্ধ্যা ও রাতে সিরাজগঞ্জের বেলকুচি, রায়গঞ্জ ও সলঙ্গা উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বেলকুচির মুকিমপুর এলাকা থেকে আটক আবু বকর (৩৫) রাজাপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি। বেলকুচি থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ট্রেনে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় করা মামলায় ইউপি সদস্য আবু বকরকে গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনায় এর আগে একজন ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়। বঙ্গবন্ধু সেতু থানার উপ-পরিদর্শক আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউপি সদস্য স্থানীয় বিএনপি নেতা সুজাবত আলী সুজা ওরফে সূর্যকে রাত ৯টার দিকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। সলঙ্গা থানার ওসি ফাইজুল ইসলাম জানান, বাদশা নামে এক বিএনপি কর্মীকে আটক করা হয়েছে। বাদশা ট্রেনের ঘটনা ছাড়াও অন্য একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি। এর বেশি তিনি আর কিছু জানাতে পারেননি। এছাড়া স্থানীয় সাংবাদিক রুহুল আমিন বকুল জানান, উপজেলার ঘুড়কা এলাকার আল-আমিন নামের এক ব্যবসায়ীকে রাতে আটক করা হয়েছে। গত ১১ অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সমাবেশস্থলের কাছে সিরাজগঞ্জের সয়দাবাদ মুলিবাড়ী রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে ছয়জন মারা যান। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রেনটি থামিয়ে চালক ও গার্ডকে মারধর করে। তারা ট্রেনটি ভাংচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় এই পর্যন্ত আটটি মামলা হয়েছে। এসব মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ৩৮ নেতাকর্মী ও অজ্ঞাত কয়েক হাজার জনকে আসামি করা হয়েছে। এদিকে, সিরাজগঞ্জের ঘটনায় গ্রেপ্তারকৃত বিএনপির নেতাকর্মীদের মধ্যে বৃহস্পতিবার সকালে ১৯ জনকে জেলার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হয়। আদালত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মন্নাফ জানান, আসামিদের আইনজীবীরা জামিন আবেদন করলে শুনানি শেষে হাকিম হাসান মাহমুদুল ইসলাম নাকচ করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০০১৫ ঘ.