সিলেট, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতীয়দের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিছনাকান্দি সীমান্তে নদীতে মাছ ধরার সময় ভারতীয় খাসিয়া জনগোষ্ঠীর লোকজন তাকে গুলি করে বলে বিডিআর জানিয়েছে।
আহত শাহ আলমকে (৩০) সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বিছনাকান্দি এলাকার বগাইয়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে।
বিডিআর বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, দুপুর ১২টার দিকে সীমান্তের ওপার থেকে ভারতীয় খাসিয়ারা শাহ আলমকে লক্ষ্য করে গুলি (ছররা) ছোড়ে।
বিডিআর সদস্যরা নদী থেকে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলে তিনি জানান।
সিলেটের গোয়াইনঘাটসহ কয়েকটি সীমান্তে বিরোধপূর্ণ ভূমি ও মাছ ধরা নিয়ে এর আগেও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী ও নাগরিকদের সঙ্গে বিডিআর ও সাধারণ মানুষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৮ ঘ.
bdnews24