বগুড়া, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পত্তির জন্য মা'কে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে বগুড়ার একটি আদালত।
বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক নিতাই চন্দ্র সাহা এ দণ্ডাদেশ দেন। আসামি রায়হান (৩৫) এর উপস্থিতিতেই রায় পড়া হয়।
রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি রায়হানকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
রায়হানের বাড়ি কাহালু উপজেলার বাথই কাজিপাড়া গ্রামে। ২০০৯ সালের ২৭ জুলাই তার ছুরিকাঘাতে নিহত হন রওশান আরা।
মামলার বিবরণে জানা যায়, সম্পত্তি লিখে নেওয়ার জন্য রায়হান তার বাবা আবদুর রহমান ও মা রওশনকে চাপ দিয়ে আসছিলো। এতে রাজি না হওয়ায় রায়হান ঘটনার দিন বাবাকে মারধর করলে তাকে বাঁচাতে গিয়েছিলেন রওশন। তখন মাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রায়হান।
মায়ের মৃত্যুর পর মেয়ে রাবেয়া বেগম ভাইকে আসামি করে কাহালু থানায় হত্যামামলা করেন।
২০০৯ সালের ৩১ অগাস্ট থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম আদালতে অভিযোগপত্র দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আশেকুর রহমান সুজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪০ ঘ.
bdnews24