ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক বছরে ২২ লাখ বেড়ে দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৪৪ লাখ। আর জনসংখ্যা বৃদ্ধির এ গতিকে আশঙ্কাজনক মনে করছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।
জাতিসংঘ সংস্থা ইউএনএফপিএ বুধবার বাংলাদেশের জনসংখ্যা নিয়ে সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করে। হোটেল শেরাটনে ওই প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ছিলেন খাদ্যমন্ত্রী।
প্রতিবেদনে বলা হয়, দেশের জনসংখ্যা গত এক বছরে ২২ লাখ বেড়ে ১৬ কোটি ৪৪ লাখে দাঁড়িয়েছে।
রাজ্জাক অনুষ্ঠানে বলেন, জনসংখ্যা বৃদ্ধির এ হার আশঙ্কাজনক।
জনসংখ্যা নিয়ন্ত্রণে কার্যক্রম ব্যাহত হওয়ার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা কমে যাওয়াকেই দায়ী করেন তিনি।
মন্ত্রী বলেন, "আন্তর্জাতিক সহায়তা আগের চেয়ে কমে যাওয়ায় জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচি কিছুটা স্তিমিত হয়ে গেছে।"
জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচিতে সহায়তা বাড়ানোর জন্য দাতা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বাংলাদেশে বর্তমানে প্রজনন হার ২.২৫। এ হার কিছুদিন আগেও দুইয়ের নিচে নেমে গিয়েছিল। আর জনসংখ্যা বৃদ্ধির হার ১.৪।
এতে বলা হয়, বর্তমানে চীনের জনসংখ্যা ১৩৫ কোটি ৪১ লাখ, ভারতে ১২১ কোটি ৪৫ লাখ, যুক্তরাষ্ট্রে ৩১ কোটি ৭৬ লাখ, ইন্দোনেশিয়ায় ২৩ কোটি ২৫ লাখ, ব্রাজিলে ১৯ কোটি ৫৪ লাখ, পাকিস্তানে ১৮ কোটি ৪৮ লাখ, নাইজেরিয়ায় ১৫ কোটি ৮৩ লাখ, রুশ ফেডারেশনে ১৪ কোটি এবং জাপানে ১২ কোটি ৭০ লাখ।
বাংলাশের মাত্র ১৮ শতাংশ মহিলা প্রসবকালে দক্ষ ধাত্রীসেবার সুযোগ পান। মহিলাদের গড় আয়ু ৬৮.১০ এবং পুরুদের গড় আয়ু ৬৫.৮০ বছর।
অনুষ্ঠানে আব্দুর রাজ্জাক বলেন, দেশে জনসংখ্যা বৃদ্ধির এ হার আশঙ্কাজনক। এটিই জেগে ওঠার উপযুক্ত সময়। জনসংখ্যা বৃদ্ধির এ হার রোধে এখনই পদক্ষেপ নিতে হবে। এজন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত জনসংখ্যা পরিষদ ২ সেপ্টেম্বর বৈঠক করেছে। সরকার শিগগিরই এজন্য প্রয়োজনীয় কার্যক্রম শুরু করবে।
জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হওয়ার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা কমে যাওয়াকেই দায়ী করেন তিনি।
মন্ত্রী বলেন, "আন্তর্জাতিক সহায়তা আগের চেয়ে কমে যাওয়ায় জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচি কিছুটা স্তিমিত হয়ে গেছে।"
জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচিতে সহায়তা বাড়ানোর জন্য দাতা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আব্দুর রাজ্জাক বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় ৩৮ শতাংশই এখনো দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছে। এ সংখ্যা প্রায় সাড়ে ছয় কোটি। অথচ বিশ্বে প্রায় ২৩টি দেশ রয়েছে, যাদের মোট জনসংখ্যাই এখনো পাঁচ কোটির নিচে।
খাদ্য নিরাপত্তায় সরকারি পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, "একদিকে আমাদের কৃষি জমি প্রতিনিয়তই কমছে, অন্যদিকে বাড়ছে জনসংখ্যা। এতে আমাদের বেশি করে খাদ্যশস্য উৎপাদনের দিকে দৃষ্টি দিতে হচ্ছে। এজন্য সরকার নীতি ও কৌশল নির্ধারণে কাজ করছে। তবে আমাদের আন্তর্জাতিক সহযোগিতা দরকার।"
জনসংখ্যা বৃদ্ধিই দেশে খাদ্যশস্যের মূল্য বৃদ্ধির মূল কারণ কিনা- এ প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, এটি অন্যতম কারণ। তবে আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি এবং মানুষের আয় বৃদ্ধিও একটি কারণ।
অনুষ্ঠানে ইউএনএফপিএ'র আবাসিক প্রতিনিধি আরথার এরকেন বলেন, বিভিন্ন দেশের ওপর পরিচালিত নিরীক্ষার ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত এবং যুদ্ধ পরবর্তী পুনর্বাসন এবং প্রাকৃতিক দুর্যোগ কবলিত দেশগুলো থেকেই এ চিত্র তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহেদী হাসান আনসারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুবা নাসরিন।
পরে জনসংখ্যা বিষয়ক রিপোর্টিংয়ের জন্য চারজন সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়।
তারা হলেন- যায়যায়দিন পত্রিকার রীতা ভৌমিক, ডেইলি স্টারের মাহবুবা জান্নাত, এটিএন বাংলার শাহনাজ মুন্নী ও এনটিভি'র সুলতানা রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/এইচএ/১৮৩৩ ঘ.
bdnews24