সিলেট, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদক মামলায় এক নারী ও তার ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সিলেটের একটি আদালত।
একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাজির আহমেদ এ রায় দেন।
দণ্ডিতরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার উত্তরপাড়া-তেতলী গ্রামের পরতিঙ্গা বেগম (৪০) ও তার ছেলে মো. আবদুল কাদির (২৫)।
দুজনই বর্তমানে কারাবন্দি।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ৬ জুন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) একটি বিশেষ দল দক্ষিণ সুরমা এলাকার একটি আবাসিক হোটেল থেকে পরতিঙ্গা বেগম ও কাদিরকে ১৩০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করে।
এ ঘটনায় র্যাব-৯ এর উপসহকারী পরিচালক (ডিএডি) আবু তাহের বাদি হয়ে মাদক আইনে কোতয়ালি থানায় একটি মামলা করেন।
ওই বছরের ২৫ জুন তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগ গঠন করা হয় গত ৬ জুলাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৯ ঘ.
bdnews24