২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্জু হত্যার দায়ে একজনের ফাঁসি

বিমানবন্দরের সিভিল এভিয়েশন নিরাপত্তাকর্মী আসাদুজ্জামান সঞ্জু হত্যামামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 07:16 AM

Updated : 25 Aug 2022, 07:09 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমানবন্দরের সিভিল এভিয়েশন নিরাপত্তাকর্মী আসাদুজ্জামান সঞ্জু হত্যামামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক মো. রেজাউল ইসলাম মঙ্গলবার এ মামলার রায় দেন। মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তি হলেন মো. হুমায়ুন কবীর। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য দুই আসামি জুলহাস মিয়া ও মো.ফজলু মিয়াকে খালাস দেওয়া হয়েছে। রায়ের সময় তিন আসামিকেই কারাগার থেকে আদালতে হাজির করা হয়। গত বছরের ৬ মার্চ বর্তমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল এভিয়েশন ডিউটি শেষে বাসায় ফেরার পথে উত্তরার কাওলা ওয়েলফেয়ার মার্কেটের সামনের পথে সঞ্জুর (৩৪) ওপর গুলি চালানো হয়। পরদিন হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুর আগে সঞ্জু হত্যকারীদের নাম জানিয়ে গেছে- এ তথ্য তুলে ধরে তার বাবা মোহাম্মদ আলী মামলা করেন। মামলার বিবরণে বলা হয়, হুমায়ুন কবীর, জুলহাস ও ফজলু মিয়ার সঙ্গে সিভিল এভিয়েশনের একটি পুকুর ইজারা নিয়েছিলো সঞ্জু। এর নিয়ে বিরোধ থেকে সঞ্জুকে হত্যা করা হয়। বিমানবন্দর থানার পরিদর্শক মো. সামছুদ্দিন ছালেহ আহমেদ চৌধুরী এ মামলায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার পর গত ৩ জুন বাদি মোহাম্মদ আলীর জবানবন্দি নেওয়ার মধ্য দিয়ে এ মামলার বিচার কাজ শুরু হয়। প্রথমে মামলাটি জজ আদালতে থাকলেও পরে তা দ্রুত বিচার আদালতে আসে। ২২ জনের সাক্ষ্য গ্রহণ এবং উভয় পক্ষে তিন দিন যুক্তিতর্কের শুনানি শেষে মঙ্গলবার রায় হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১৩ ঘ.