২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল বন্দরে কাজ শুরু

দুর্গাপূজা শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে সোমবার আমদানি-রপ্তানি আবার শুরু হয়েছে। তবে বেনাপোল এবং ওপারের পেট্রাপোল বন্দরে পণ্যবাহী ট্রাকের তীব্র জট রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2010, 10:49 AM

Updated : 25 Aug 2022, 07:08 PM

বেনাপোল, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্গাপূজা শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে সোমবার আমদানি-রপ্তানি আবার শুরু হয়েছে। তবে বেনাপোল এবং ওপারের পেট্রাপোল বন্দরে পণ্যবাহী ট্রাকের তীব্র জট রয়েছে। পূজা উপলক্ষে শ্রমিক না থাকায় ভারতের ব্যবসায়ীরা গত বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখে। ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চারদিন বন্ধ থাকার কারণে পণ্যবাহী ট্রাকের জট লেগে গেছে। তবে দুদিনের মধ্যে বন্দর স্বাভাবিক হয়ে আসবে।" বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার পরিদর্শক ফজলুল হক বলেন, "সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভারত থেকে ৬৯টি ট্রাক পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। এছাড়া পণ্য নিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে গেছে ৪৭টি বাংলাদেশি ট্রাক।" বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দরের আওতাধীন ৩২টি শেডের প্রত্যেকটিতে কাজ চলছে। শ্রমিকরা পুরোদমে পণ্য উঠানো নামানোর কাজ করছে। তিনি জানান, বন্দর থেকে দ্রুত মালামাল খালাসের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার আজিজুর রহমান জানান, বেনাপোল শুল্ক বিভাগের কাজও স্বাভাবিক নিয়মে চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৬৪৮ ঘ.