সাভার, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনীতে খেলোয়াড় কোটায় লোক নিয়োগের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে ব্যর্থ হওয়া প্রার্থীদের সঙ্গে পুলিশ ও সেনা সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সাভারের আশুলিয়ার জিরানী এলাকায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাভার ও গাজীপুর প্রতিনিধি জানান, এ ঘটনায় বিক্ষুব্ধরা সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে তারা প্রায় ১০-১৫টি যানবাহন ভাংচুর করে। এ সময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়।
দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন শাহ পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেনাবাহিনী খেলোয়াড় কোরে এ্যাথলেটিক্স, বাস্কেট বল, ফুটবল, সাঁতার, হকিসহ ১৩টি পদে লোক নিয়োগ দিতে গত ২৮ অগাস্ট সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হয়।
এতে সারাদেশ থেকে ৫ শতাধিক খেলোয়াড় সোমবার সকালে বিকেএসপিতে উপস্থিত হয়।
কিন্তু সেনা সদস্যরা বিভিন্ন জেলা থেকে আসা চাকরি প্রার্থীদের চলে যাওয়ার জন্য অনুরোধ জানায়। এতে প্রার্থীরা ক্ষুব্ধ হয়ে উঠে।
সকাল সাড়ে ১০টার দিকে তারা সেনাবাহিনীর রিক্রুটিং ইউনিটের একটি পিকআপ ভ্যান ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) স্টেশনের ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসআই শাহীন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাসদস্যরা তাদের লাঠিচার্জ করে। এ সময় আহত হয় অন্তত ৩০ জন। দুপুর ১২টার দিকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। মহাসড়কে যান চলাচল আবার শুরু হয়।
জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খেলোয়াড় কোটায় লোক নিয়োগের লক্ষ্যে গত ২১ সেপ্টেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বাছাইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় উত্তীর্ণ র্প্রার্থীদের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে বিকেএসপিতে আসতে বলা হয়।
কিন্তু সোমবার সকালে প্রাথমিক বাছাই পরীক্ষায় অংশ না নেওয়া প্রার্থীরাও বিকেএসপিতে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে আসেন। এ ধরনের প্রার্থীকে ভেতরে প্রবেশ করতে নিষেধ করা হয়। এতে সংঘর্ষ বেঁধে যায়।
একাধিক চাকরি প্রার্থীরা জানান, পত্রিকায় বিজ্ঞাপন অনুযায়ী ৫ শতাধিত লোক চাকরির জন্য বিকেএসপিতে উপস্থিত হন। কিন্তু দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যরা শারীরিক পরীক্ষা হবে জানালে তারা অনেকে বিক্ষুব্ধ হয়ে উঠেন এবং এর জেরে সংঘর্ষের ঘটনা ঘটে।
বিকেএসপি'র জনসংযোগ কর্মকর্তা মো. আশরাফুজ্জামান জানান, সেনাবাহিনীর খেলোয়াড় কোরে ২৪০ জন খেলোয়াড় নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণদেরই সোমবার আসতে বলা হয়েছিলো। কিন্তু অনেকেই এসেছে যারা বাছাই পরীক্ষাই দেয়নি। এ নিয়েই সমস্যা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৫১২ ঘ.
bdnews24