২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেলের জন্মদিনে নানা আয়োজন

নানা আয়োজনে সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৪৭তম জন্মদিন পালিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2010, 05:51 AM

Updated : 25 Aug 2022, 07:08 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা আয়োজনে সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৪৭তম জন্মদিন পালিত হচ্ছে। ১৯৬৪ সালের এই দিনে ধানমণ্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেলের জন্ম। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট সে বাড়িতেই বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে তাকেও হত্যা করা হয়। ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র শেখ রাসেলের তখন বয়স ছিলো মাত্র ১০ বছর। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সোমবার ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। সকাল সাড়ে ৮টায় আওয়ামী লীগ বনানী গোরস্থানে শেখ রাসেলসহ ১৫ অগস্টে নিহতদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেছে। এরপর সেখানে ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। এ সময় সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল লতিফ সিদ্দিকী, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সকাল ৭টায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর ৮টায় বনানী গোরস্থানে শেখ রাসেলের কবর জিয়ারত এবং মিলাদ মাহফিলের আয়োজন ছিলো সংগঠনটির। জন্মদিন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের আয়োজনে ওসমানী স্মৃতি মিলনায়তনে বেলা ১১টায় মাধ্যমিক পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের সনদন ও মেডলে এবং চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আছেন শেখ রাসেলের বড় বোন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিবসটি উপলক্ষে বিকালে মহানগর আওয়ামী লীগ বঙ্গবন্ধু এভিনিউয়ে আলোচনা সভার আয়োজন করেছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/১১৪১ ঘ.