২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়া দশমীতে দশমিনায় নৌকা বাইচ

শারদীয় দুর্গা পূজার বিজয়া দশমীতে পটুয়াখালীর দশমিনা উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2010, 01:03 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

পটুয়াখালী, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শারদীয় দুর্গা পূজার বিজয়া দশমীতে পটুয়াখালীর দশমিনা উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। রোববার দুপুর ১টার দিকে উপজেলার নিবারণ কবিরাজের দীঘিতে বাইচ দেখতে আসে কয়েক হাজার মানুষ। ওই এলাকাসহ গলাচিপা, বাউফল ও সদর থেকেও মানুষ নৌকা বাইচ দেখতে ভিড় করে বলে জানান স্থানীয় সাংবাদিকরা। নৌকা বাইচে প্রথম হয় কাঁটাখলীর হাশিম ফকিরের নৌকা। এ নিয়ে তার দল চার বার প্রথম হয়েছে। দ্বিতীয় হয় দেতাগীর সাইফুল ইসলামের দল। তৃতীয় হয় দশমিনার মাহবুব আলমের দল। নিবারণ কবিরাজের ছেলে গৌতম কবিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা একটা ঐতিহ্য। বিজয়া দশমীর আনন্দ উপভোগ করতে এ নৌকা বাইচে হিন্দু-মুসলিম এক সঙ্গে অংশ নেয়।" অনুষ্ঠানে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজমল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার খান ডলি অংশ নেওয়া দলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করেন। ইউএনও আজমল হোসেন বলেন, "দীর্ঘদিন ধরে নিবারণ কবিরাজের দীঘিতে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হচ্ছে। এ জন্য পরিষদের পক্ষ থেকে প্রতি বছরই সহায়তা দেওয়া হয়।" উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার খান ডলি বলেন, গত ৪৮ বছর ধরে এই নৌকা বাইচ হয়ে আসছে। ওই এলাকার বাসিন্দা ষাটোর্ধ আশরাফ আলী বলেন, বন্যার কারণে শুধু এক বছর নৌকা বাইচ হয়নি। এ ছাড়া প্রতিবছরই দূর্গা বিসর্জনের দিনে এই উৎসবের আয়োজন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৯০৩ ঘ.