২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়ায় পূজা নিয়ে সংঘর্ষ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার চাপরাইল গ্রামে একশ' গজের মধ্যে অবস্থিত দুটি দুর্গামন্দিরের কমিটির বিরোধের জের ধরে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2010, 09:29 AM

Updated : 25 Aug 2022, 07:08 PM

গোপালগঞ্জ, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার চাপরাইল গ্রামে একশ' গজের মধ্যে অবস্থিত দুটি দুর্গামন্দিরের কমিটির বিরোধের জের ধরে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। শনিবার রাত ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একপক্ষ বলছে, তাদের মন্দিরের প্রতিমা ভাংচুর করা হয়েছে। প্রতিপক্ষ এ অভিযোগ অস্বীকার করে বলছে, তারা নিজেরাই ভাংচুর চালিয়ে দোষ চাপাচ্ছে। পুলিশ বলছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। রোববার সকাল থেকে শান্তিপূর্ণভাবে মণ্ডপ দুটিতে পূজা হচ্ছে। সংঘর্ষে আহত পবন মণ্ডল (৫০), পবিত্র মণ্ডল (৪২) ও গোবিন্দ মণ্ডলকে (২৮) টুঙ্গিপাড়ায় প্রথমিক চিকিৎসা দেওয়ার পর খুলনা পাঠানো হয়েছে। রনদেব বিশ্বাসকে (৫৫) ভর্তি করা হয়েছে গোপালগঞ্জ সদর হাসপাতালে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসঅই) ইকরাম হোসেন সাংবাদিকদের জানান, চাপরাইল গ্রামের বড়বাড়ি দূর্গা মন্দির কমিটি ও মণ্ডলবাড়ি দুর্গা কমিটির মধ্যে কয়েক বছর ধরে বিরোধ চলে আসছে। তিনি বলেন, "এর জের ধরে শনিবার রাত ১১টার দিকে বড়বাড়ি দুর্গা মন্দির কমিটির সভাপতি রনদেবকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। এ খবর ছড়িয়ে পড়লে বড়বাড়ি পূজা মণ্ডপের সদস্যদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। "এক পর্যায়ে দুই মন্দিরের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের মোট ১০ জন আহত হয়।" সংঘর্ষের সময় মণ্ডলবাড়ি দুর্গামন্দিরের জেনারেটরের লাইন বন্ধ করে ১০-১৫ জন হামলা চালিয়ে মূর্তি ভাংচুর করে বলে অভিযোগ করছে মণ্ডলবাড়ি দুর্গামন্দির কমিটি। কমিটির সদস্য পবন মণ্ডল সাংবাদিকদের বলেন, "সংঘর্ষের সময় বড়বাড়ি মন্দিরের ১০/১৫ জন সদস্য জেনারেটরের তার কেটে লাইট বন্ধ করে মন্দিরে হামলা চালিয়ে মূর্তি ভাংচুর করে।" তবে বড়বাড়ি দুর্গামন্দির কমিটির সভাপতি রনদেব বিশ্বাস বলেন, "শনিবার রাতে আমাকে কুপিয়ে জখম করার পর সংঘর্ষ হয়। মণ্ডলবাড়ির লোকজনই তাদের মন্দিরের প্রতিমা ভেঙে আমাদের ওপর দোষ চাপানোর অপচেষ্টা করছে।" টুঙ্গিপাড়া থানার ওসি মো. মাজহারুল হক সাংবাদিকদের বলেন, রাতে সংঘর্ষ হলেও কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি। মণ্ডপ দুটিতে সকাল থেকে শান্তিপূর্ণভাবে দশমীর পূজা হচ্ছে। পরিস্থিতি শান্ত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৫৩০ ঘ.