২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2010, 04:42 AM

Updated : 25 Aug 2022, 07:08 PM

চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বিডিআর জানিয়েছে, শনিবার রাত ৮টার দিকের ওই ঘটনায় আহত হয়েছেন বাংলাদেশের আরো দুই গরু ব্যবসায়ী। নিহত আব্দুল লতিফ (৪৪) উপজেলার মনাকষা ইউনিয়নের নামো জগন্নাথপুর গ্রামের আবুল কাসেমের ছেলে। আহত দুই জনের বাড়িও একই গ্রামে। তাদের একজন সেন্টু (৩২)। তার বাবার নাম মকবুল হোসেন। আহত অপরজনের নাম-ঠিকানা জানাতে পারেনি বিডিআর। চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, শনিবার রাত ৮টার দিকে কয়েকজন গরু ব্যবসায়ী মনাকষা ইউনিয়নের শিংনগর সীমান্তের ১৬৮ নম্বর পিলারের কাছ দিয়ে ভারতের দেড়শ' গজ ভেতরে যান। তিনি বলেন, এ সময় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ১৫১ বিএসএফ ব্যাটালিয়ানের পদ্মারচর ক্যম্পের জওয়ানরা গুলি চালায়। এতে লতিফসহ তিনজন গুলিবিদ্ধ হন। গুরুতর আহতাবস্থায় পালিয়ে আসার সময় আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে লতিফ মারা যান। তখন তার সঙ্গীরা লাশটি নিয়ে বাংলাদেশে চলে আসেন। বিডিআর কর্মকর্তা নজরুল জানান, এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জায়েদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, লতিফের লাশ তার পরিবারের কাছে আছে। আহতদের খুঁজে পাওয়া যায়নি। তারা গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০৩৭ ঘ.