গাজীপুর, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্নত দেশে দুর্ঘটনাজনিত মৃত্যুর মধ্যে ২-৩ শতাংশ সড়ক দুর্ঘটনায় ঘটলেও বাংলাদেশে এটা ৪৭ শতাংশ।
শনিবার গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক এক প্রশিক্ষণ কর্মশালায় এ তথ্য জানানো হয়েছে।
কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ২য় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প ও নিরাপদ সড়ক চাই (নিসচা) যৌথ উদ্যোগে ওই কর্মশালার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য তানজিম আহমেদ।
কর্মশালায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মো. আইয়ূবুর রহমান বলেন, "সড়ক দুর্ঘটনায় প্রতিবছর হাজার হাজার মানুষ প্রাণ হারায় এবং কোটি কোটি টাকার জাতীয় সম্পদের ক্ষতি হয়। আমাদের স্বার্থে, পরবর্তী প্রজম্মের স্বার্থেই 'নিরাপদ সড়ক চাই' আন্দোলনকে সফল করতে হবে।"
এলজিইডি'র প্রকল্প পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, "দেশে দুর্ঘটনাজনিত মৃত্যুর মধ্যে ৪৭ শতাংশই ঘটে সড়ক দুর্ঘটনায়। উন্নত দেশে এ মৃত্যুর হার ২-৩ শতাংশ।"
তিনি জানান, গত বছর দেশে সড়ক দুর্ঘটনায় ১০ হাজার লোক মারা গেছে এবং পঙ্গু হয়েছে আরো ১১ হাজার।
মাহবুবুর রহমান বলেন, "সড়ক দুর্ঘটনায় চিহ্নিত ৪২টি কারণের মধ্যে ৩৫টি কারণ রোধে কোনো অর্থ লাগে না। প্রয়োজন একটু সচেতনতা।"
প্রধান বক্তা নিসচা'র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দুর্ঘটনা রোধে চালকদের দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেন।
তিনি বলেন, "সড়ক দুর্ঘটনার জন্য শুধু চালকরাই দায়ী নয়। তবে চালক দক্ষ হলে অনেক দুর্ঘটনাই রোধ করা সম্ভব। এজন্য প্রশিক্ষণ অতি জরুরি।"
সড়ক দুর্ঘটনাকে 'নীরব সুনামি' হিসেবে অভিহিত করে তানজিম আহমদ বলেন, দুর্ঘটনায় মৃত্যু শুধু পরিবার নয় দেশের আর্থসামাজিক ব্যবস্থায়ও প্রভাব ফেলে।
কাপাসিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সরোজ কুমার নাথের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন নিসচা'র গাজীপুর জেলা সভাপতি লায়ন গনি মিয়া বাবুল।
অন্যান্যের মধ্যে সাবেক সংসদ সদস্য মো. শহিদুল্লাহ, বিটিভি'র সাবেক পরিচালক ও নিসচা'র উপদেষ্টা রফিকুল ইসলাম সরকার, কাপাসিয়া উপজেলার চেয়রম্যান মো. মোতাহার হোসেন মোল্লা, গাজীপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি শামসুদ্দিন সরকার কর্মশালায় বক্তব্য রাখেন।
কর্মশালার আগে উপজেলা শহরে সড়ক দুর্ঘটনা রোধ সংক্রান্ত একটি শোভাযাত্রা বের করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৫২০ ঘ.
bdnews24