২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নারী-শিশুবান্ধব পুলিশি ব্যবস্থা হবে'

নারী ও শিশুবান্ধব জনমুখী পুলিশি ব্যবস্থা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার বেনজীর আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2010, 04:50 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী ও শিশুবান্ধব জনমুখী পুলিশি ব্যবস্থা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার বেনজীর আহমেদ। তিনি বলেন, "জনগণের মধ্যে নিরাপত্তাবোধ ও অপরাধ ভীতি দূর করতে পুলিশ আরো সচেষ্ট হবে।" বৃহস্পতিবার সকালে ডিএমপি সদরদপ্তরে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে এক সংবাদ সম্মেলনে মহানগর পুলিশ প্রধান এসব কথা বলেন। মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে বেনজীর আহমেদ বলেন, "মাদক শুধু খুন নয় আরো অনেক অপরাধের মূল কারণ। তাই মাদক নির্মূল করতে এর উৎসমূলে আঘাত হানতে হবে। এছাড়া পরিবার ও সমাজ জীবনেও ধর্মীয় চর্চা ফিরিয়ে আনতে হবে।" ঢাকার যানজট নিরসনে জনগণের সহযোগিতা কামনা এবং আইন মেনে চলার উপর গুরুত্ব দেন নতুন মহানগর পুলিশ প্রধান। তিনি বলেন, যানজট দূর করার ক্ষেত্রে পুলিশ একটি ফ্যাক্টর মাত্র। এর সঙ্গে আরো অনেকগুলো বিষয় জড়িত। প্রয়োজনীয় অবকাঠামোর অভাব রয়েছে। আসন্ন ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বেনজীর আহমেদ। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র হিসেবে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-কমিশনার মনিরুল ইসলামের নাম ঘোষণা করেন ডিএমপি কমিশনার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এএনএস/পিডি/২২৩৫ ঘ.