২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জের ঘটনায় আরো চারজন গ্রেপ্তার

সিরাগঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেনে কাটা পড়ে হতাহত এবং এর জেরে সহিংসতার ঘটনায় আরো চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2010, 03:25 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাগঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেনে কাটা পড়ে হতাহত এবং এর জেরে সহিংসতার ঘটনায় আরো চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে শাহজাদপুর উপজেলা বিএনপির দুই নেতা রয়েছেন। ভিডিও ফুটেজ দেখে এদের চিহ্নিত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ নিয়ে ৫৬ জনকে গ্রেপ্তার করা হলো। বৃহস্পতিবার সন্ধ্যার পর উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলা থেকে এই চারজনকে আটক করা হয়। এরা হলেন- শাহজাদপুর উপজেলার বিএনপি সহ-সভাপতি আব্দুল জব্বার ও আরেক নেতা আব্দুল ওয়াদুদ খোকন, উল্লাপাড়া উপজেলার দলীয়কর্মী রহুল আমিন ও শাহাবুদ্দিন। শাহজাদপুর থানার ওসি তাজুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রেনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় হওয়া মামলায় জব্বার ও খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তারা এজাহারভূক্ত আসামি কিনা সেটা তিনি জানাতে পারেননি। উল্লাপাড়া থানার ওসি মতিউর রহমান জানান, ভিডিও ফুটেজ দেখে রহুল আমিন ও শাহাবুদ্দিনকে চিহ্নিত করা হয়েছে। ট্রেনে আগুন দেওয়াসহ সহিংসতার ঘটনায় বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ স্থানীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে সাতটি মামলা হয়েছে। দুর্ঘটনা তদন্তে রেলওয়ে পাঁচ সদস্যের এবং জেলা প্রশাসন চার সদস্যের কমিটি গঠন করে। বৃহস্পতিবার তদন্তদল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪০ ঘ.