ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদের মতো পৌরসভা নির্বাচনেও সর্বোচ্চ পাঁচ লাখ টাকা নির্বাচনী ব্যয় নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এর মাধ্যমে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসরণ করে জাতীয় সংসদ নির্বাচন বিধিমালার সঙ্গে সমন্বয় রেখে স্থানীয় সরকারের তিনটি স্তরে (সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা) ভোটার সংখ্যা অনুপাতে নির্বাচনী ব্যয়সীমা বেঁধে দেওয়া হলো।
২০০৮ সালে প্রথমবারের মতো পৌরসভায় নির্বাচনী ব্যয় নির্ধারণ করে অধ্যাদেশ জারি করে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। ওই বছর ৪ অগাস্ট এ অধ্যাদেশের অধীনে নয়টি পৌরসভায় নির্বাচনও হয়।
গত অগাস্ট মাসে জারি করা স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) বিধিমালা অনুযায়ী চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী ব্যয় সর্বোচ্চ পাঁচ লাখ টাকা এবং সদস্যদের ব্যয় এক লাখ টাকা নির্ধারণ করা হয়। সদস্য প্রার্থী সর্বোচ্চ এক লাখ টাকা নির্বাচনী ব্যয় ও ১০ হাজার টাকা ব্যক্তিগত খরচ দেখাতে পারবেন।
বৃহস্পতিবার প্রকাশিত পৌরসভা নির্বাচন বিধিমালার গেজেট অনুযায়ী, পৌরমেয়র পদে প্রার্থীরা সর্বোচ্চ ২৫ হাজার ভোটার এলাকায় দুই লাখ টাকা, ২৫ হাজার এক থেকে ৫০ হাজার ভোটার এলাকায় তিন লাখ টাকা, সর্বোচ্চ এক লাখ ভোটার এলাকায় চার লাখ টাকা এবং এক লাখ এক থেকে তার বেশি ভোটার এলাকায় সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন।
মেয়র প্রার্থীরা ব্যক্তিগত খরচ হিসাবে ১০ হাজার থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন।
কাউন্সিলরদের সর্বোচ্চ ব্যয়সীমা দুই লাখ
কাউন্সিলর পদে প্রার্থীরা সর্বোচ্চ পাঁচ হাজার ভোটার এলাকায় ৫০ হাজার টাকা, পাঁচ হাজার এক থেকে ১০ হাজার ভোটার এলাকায় এক লাখ টাকা, ১০ হাজার এক থেকে ২০ হাজার ভোটার এলাকায় দেড় লাখ টাকা এবং ৫০ হাজারের বেশি ভোটার এলাকায় সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে পারবেন।
এ পদে প্রার্থীরা এলাকার ভোটার সংখ্যা অনুযায়ী সর্বোচ্চ পাঁচ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত ব্যক্তিগত ব্যয় করতে পারবেন।
এছাড়া পৌর মেয়রদের জামানত পাঁচ হাজার টাকা এবং কাউন্সিলরদের জামানত এক হাজার টাকা করা হয়েছে।
অন্যান্য নির্বাচনী ব্যয়
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নবম সংসদ জাতীয় নির্বাচনে সংসদ প্রার্থীদের জন্য ভোটার অনুপাতে নির্বাচনী ব্যয় সর্বোচ্চ ১৫ লাখ টাকা করা হয়। তবে বেশিরভাগ প্রার্থীই ১৫ লাখ টাকার কয়েকগুণ অর্থ খরচ করেছেন বলে অভিযোগ রয়েছে।
সিটি কর্পোরেশনে ভোটার সংখ্যা অনুপাতে মেয়রের সর্বোচ্চ নির্বাচনী ব্যয় ৫০ লাখ টাকা এবং কাউন্সিলরদের সর্বোচ্চ নির্বাচনী ব্যয় ছয় লাখ টাকা নির্ধারণ করে অভিন্ন বিধিমালা করা হয় গত এপ্রিল মাসে।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) বিধিমালা ২০১০ অনুযায়ী, মেয়র পদে নির্বাচনী ব্যয় ভোটার অনুপাতে ১৫ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা রয়েছে। এতে ঢাকা সিটি করপোরেশনে ৫০ লাখ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ৩০ লাখ ব্যয় করতে পারবেন।
নির্বাচনী আইন অনুযায়ী, বর্তমানে ভোটার প্রতি পাঁচ টাকা ব্যয় করার সুযোগ রয়েছে প্রার্থীদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮৪৪ঘ.
bdnews24