মানিকগঞ্জ, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকায় নবীন একতা মার্কেটের একটি দোকান থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সঞ্জিত কুমার সূত্রধর (২২) নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি শিবালয় উপজেলার জাফরগঞ্জ গ্রামে। বাবার নাম রতীশ চন্দ্র সূত্রধর।
রতীশ চন্দ্র সূত্রধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নবীন একতা মার্কেটে তাদের কাঠের আসবাবপত্রের দোকান রয়েছে। বুধবার সন্ধ্যার পর সঞ্জিতকে দোকানে রেখে তিনি বাড়ি চলে যান। বৃহস্পতিবার সকালে দোকানে এসে গলায় গামছা পেচানো ঝুলন্ত অবস্থায় সঞ্জিতের লাশ দেখতে পান।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/কেএমএস/১৩১৩ ঘ.
bdnews24