২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসানাতের চার মামলার সাজা বাতিল

জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুুল্লাহ'র চার মামলার সাজা বাতিল করেছে উচ্চ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2010, 05:52 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুুল্লাহ'র চার মামলার সাজা বাতিল করেছে উচ্চ আদালত। এই চারটি মামলায় নিম্ন আদালত ৩৩ বছরের কারাদণ্ড দিয়েছিলো বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানাতকে। তার আইনজীবীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বরিশাল প্রতিনিধি জানান, বিচারপতি শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকের বেঞ্চ বুধবার এই আদেশ দেয়। হাসানাত আবদুল্লাহ'র আইনজীবী অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল জানান, ২০০২ সালে অপারেশন ক্লিন হার্টের সময় হাসানাত আবদুল্লাহ'র বরিশাল নগরীর কালীবাড়ি রোডের বাসা থেকে মুক্তিযোদ্ধা সনদ, স্বর্ণের নৌকা ও নগদ টাকা উদ্ধারের অভিযোগে ২টি মামলা হয়। ওই সময় জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ এবং কর ফাঁকির অভিযোগে আরো দুটি মামলা করে তখনকার দুর্নীতি দমন ব্যুরো। এই চারটি মামলায় বরিশালের বিশেষ জজ আদালত ৩৩ বছর কারাদণ্ড দেয়। আইনজীবী জানান, মামলার রায় ঘোষণার সময় হাসানাত দেশের বাইরে ছিলেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর দেশে ফিরে রায়ের বিরুদ্ধে আপিল করেন হাসানাত আবদুল্লাহ। রায়ের খবর পেয়ে বরিশাল শহরে আওয়ামী লী ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে। শহরের সোহেল চত্বরে জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে মিষ্টি বিতরণ করা হয়। মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য লস্কর নুরুল হক সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীতে আনন্দ শোভযাত্রা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৫২ ঘ.