২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যুব উন্নয়ন কার্যালয় ভাংচুর, বিক্ষোভ

ন্যাশনাল সার্ভিস কর্মসূচির তালিকা তৈরিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় যুব উন্নয়ন কার্যালয় ভাংচুর করেছে বিক্ষুব্ধরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2010, 03:18 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

কুড়িগ্রাম, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ন্যাশনাল সার্ভিস কর্মসূচির তালিকা তৈরিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় যুব উন্নয়ন কার্যালয় ভাংচুর করেছে বিক্ষুব্ধরা। বুধবার এ ঘটনার সময় তারা কার্যালয়ের কাগজপত্র তছনছ করে। ঘেরাও করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়। এর ফলে এই উপজেলায় বৃহস্পতিবার থেকে প্রশিক্ষণ শুরু অনিশ্চিত হয়ে পড়েছে। এছাড়া একই অভিযোগে জেলার উলিপুর উপজেলায় তালিকা থেকে বাদ পড়া কিছু যুবক বিক্ষোভ মিছিল করেছে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার অপসারণ দাবি করে পোস্টাও লাগানো হয়েছে। বিক্ষোভের ঘটনায় জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, নাগেশ্বরীতে ভাংচুরের বিষয়টি তদন্তের জন্য ইউএনও মো. রফিকুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে। উলিপুরের বিস্তারিত তথ্য পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। চলতি বছরের মার্চে ন্যাশনাল সার্ভিসের আওতায় কুড়িগ্রামে সাড়ে ৯ হাজার বেকার যুবক ও যুব মহিলাকে প্রশিক্ষণ শেষে দু'বছর মেয়াদে চাকরি দেওয়া হয়েছে। দ্বিতীয় দফায় আরো সাড়ে নয় হাজার জনকে তিন মাসের প্রশিক্ষণ শেষে চাকরি দেওয়া হবে। নাগেশ্বরী যুব উন্নয়ন কার্যালয় জানায়, ন্যাশনাল সার্ভিস কর্মসূচির দ্বিতীয় ধাপে বেকারদের কর্মসংস্থানের জন্য উপজেলায় ১ হাজার ৪৫০ জনের একটি তালিকা করা হয়। যুব উন্নয়ন কর্মকর্তা মো. ময়দান আলী গত ৩০ সেপ্টেম্বর তালিকাটি প্রকাশ করেন। তালিকা প্রণয়নে দুর্নীতি ও অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে- অভিযোগ করে বিক্ষুব্ধ কিছু যুবক গত ৮ অক্টোবর ইউএনও'র কাছে অভিযোগ করেন। নাগেশ্বরীর ইউএনও মো. রফিকুল হক জানান, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ৮ অক্টোবর সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য এ কে এম মোস্তাফিজুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক প্রধানের উপস্থিতিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সভা হয়। ওই সভায় প্রকাশিত তালিকাটি বাতিল করা হয়। এছাড়া যাচাই-বাছাই করে নতুন তালিকা প্রণয়নের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমানকে আহ্বায়ক করে ২১ সদস্যের একটি কমিটি করা হয়। তিনি আরো জানান, এর আগে বেকার যুবক ও যুব মহিলাদের কাছ থেকে আবেদনপত্র নিয়ে তা যাচাই-বাছাই করে একটি তালিকা প্রণয়ন করা হয়েছিলো। যুব উন্নয়ন কর্মকর্তা এই তালিকা পরিবর্তন করেছেন। প্রাথমিকভাবে ৪৩৭ জন বেকার যুব ও যুব মহিলার নাম পরিবর্তনের আলামত পাওয়া গেছে। এ অবস্থায় আগের তালিকা যাচাই-বাছাই করে বুধবার ১ হাজার ৪৫০ জনের নামের তালিকা প্রকাশ করা হয়। এতে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে যুব উন্নয়ন কর্মকর্তা যাদের নাম ঢুকিয়েছিলেন তারা বাদ পড়ে। এরাই বিক্ষুব্ধ হয়ে ভাংচুরের ঘটনা ঘটিয়েছে বলে ইউএনও দাবি করেন। তারপরও প্রকৃত বেকার যুবক ও যুব মহিলা যাতে বাদ না পড়ে সেজন্য আবারো যাচাই-বাছাইয়ের জন্য বুধবারের প্রকাশিত তালিকা স্থগিত করা হয়েছে বলে তিনি জানান। এ বিষয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলীর সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। উলিপুরের ইউএনও গুল্লাল সিংহ জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা দুঃস্থতার ভিত্তিতে তালিকা তৈরি করেছেন- এমন দাবি করে বাদ পড়ারা প্রশিক্ষণার্থী বাছাইয়ের দাবি তুললে জটিলতা দেখা দেয়। জেলা যুব উন্নয়ন দপ্তরের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, উলিপুরে বিক্ষোভ মিছিলের কথা তিনি শুনেছেন। তবে কারা মিছিল করেছে এবং তাদের অভিযোগ কী সেটা তিনি জানেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৬ ঘ.