পাবনা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় নিয়োগ পরীক্ষা ভণ্ডুল এবং সরকারি কর্মকর্তাদের মারধরের ঘটনায় দ্রুত বিচার আইনের মামলায় ছাত্র ও যুবলীগের ২৬ নেতাকর্মীর জামিন আবেদন নাকচ করেছে আদালত।
তবে অসুস্থ থাকায় এবং দুর্গাপূজার জন্য পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি সন্তোষ হালদারকে জামিন দেওয়া হয়েছে।
বুধবার সকালে ছাত্র ও যুবলীগের ২৭ নেতা-কর্মীকে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় আদালতে হাজির করা হলে তারা জামিনের আবেদন করেন।
বিচারক পারভেজ শাহরিয়ার এদের একজনের জামিন মঞ্জুর করে বাকি ২৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত রোববার এই মামলায় ছাত্রলীগ নেতা জিয়াউল কবির সুমনকে পরীক্ষা থাকার কারণে জামিন দেওয়া হয়।
গত ৫ অক্টোবর একই ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় ছাত্র ও যুবলীগের ২৭ নেতাকর্মী জামিন পেয়েছিলেন।
এদের মধ্যে জেলা যুবলীগের বহিস্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন দুলাল ও যুবলীগ নেতা আলালের বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তারা কারাগার থেকে মুক্তি পান।
অন্য ২৫ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। এই মামলায় দুইজন এখনো পলাতক রয়েছেন। এরা হলেন- যুবলীগকর্মী ফারুক ওরফে জামাই ফারুক ও ফিরোজ হোসেন।
গত ১৭ সেপ্টেম্বর পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহকারী পদে নিয়োগের লিখিত পরীক্ষা ছাত্রলীগ ও যুবলীগকর্মীদের হামলায় ভণ্ডুল হয়ে যায়। ওই সময় মারধরের শিকার হন বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা।
ওইদিনই পাবনার নির্বাহী হাকিম মঈনুল হোসেন বাদি হয়ে সরকারি গাড়ি ও বিদ্যালয়ে ভাংচুরের অভিযোগে পাবনা সদর থানায় দ্রুত বিচার আইনে ৩৩ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।
এ ছাড়া হাকিম সরোয়ার আলম বাদি হয়ে সরকারি কাজে বাধাদান ও পরীক্ষা ভণ্ডুলের অভিযোগে ৩১ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন।
পরদিন দ্রুত বিচার আইনের মামলায় ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ছাড়া পাওয়া এনায়েত হোসেন দুলাল ও হেলাল উদ্দিন ছাড়া অপর ৩১ জন দুই মামলারই আসামি।
বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৭২৮ ঘ.
bdnews24