২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারক-আইনজীবী বাগবিতণ্ডা, আদালতে হৈচৈ

সাক্ষ্য দেওয়ার বিধান নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর এজলাস ত্যাগ করেছেন বরিশালের বিশেষ জজ আদালতের বিচারক ও বিবাদী পক্ষের আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 05:44 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

বরিশাল, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাক্ষ্য দেওয়ার বিধান নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর এজলাস ত্যাগ করেছেন বরিশালের বিশেষ জজ আদালতের বিচারক ও বিবাদী পক্ষের আইনজীবীরা। পরে উভয়পক্ষই সমঝোতার দাবি করলেও এ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এক মামলায় সাক্ষ্য গ্রহণের সময় বিভাগীয় বিশেষ জজ আদালতে এ ঘটনা ঘটে। মামলার সাক্ষী এলজিইডি'র তৎকালীন নির্বাহী প্রকৌশলী মো. হেমায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি লিখিত তথ্য নিয়ে সাক্ষ্য দিতে শুরু করলে বিবাদী পক্ষের আইনজীবীরা প্রতিবাদ জানায়। কিন্তু বিচারক বলেন, পয়েন্ট দেখে সাক্ষ্য দেওয়া যাবে না এমন কোনো বিধান নেই।" তিনি জানান, বিচারক কে এম জুলফিকার আলী সাক্ষ্য গ্রহণ অব্যাহত রাখলে এক পর্যায়ে বিবাদির আইনজীবীরা ন্যায় বিচার পাবেন না বলে হৈ চৈ করে ওয়াক আউট করেন। এ সময় বিচারকও এজলাস ত্যাগ করেন। আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লিখিত কপি দেখে স্বাক্ষ্য দেওয়া নিয়ে আসামি পক্ষের অন্তত ৩০ জন আইনজীবী বিচারকের সঙ্গে তর্কে লিপ্ত হন।" তিনি জানান, এক পর্যায়ে আইনজীবীরা আদালত ত্যাগ করেন। কিছুক্ষণ পর তারা বিচারকের খাস কামরায় গিয়ে ক্ষমা চেয়ে এর নিষ্পত্তি করেন। পরে বিচারক বাসায় চলে যান। তবে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর ও শাখাওয়াত হোসেন জুম্মান জানান, বিচারক তাদেরকে খাস কামরায় ডেকে ভুল বুঝতে পেরেছেন জানালে তারা আবারো আদালতের কার্যক্রমে অংশ নেন। তারা অভিযোগ করেন, বিচারক আইন বর্হির্ভুতভাবে সাক্ষ্য নেওয়ার সময় তারা এর প্রতিবাদ জানান। প্রশাসনিক কর্মকর্তা খলিল জানান, ভুল বোঝাবুঝির অবসান হওয়ার পর আগামী ২৭ অক্টোবর এ মামলায় পরবর্তী স্বাক্ষ্য গ্রহণের দিন ধার্য করে আদালত। ২০০৯ সালের ১০ নভেম্বর নির্বাহী প্রকৌশলী মো. হেমায়েত হোসেন বাদি হয়ে মেহেনন্দিগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আমির হোসেন, উপজেলা প্রকৌশলী মো. তায়েব হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০০৭ সালে মেহেন্দিগঞ্জের ভাষানচরের বাগরঝা গ্রামে একটি লোহার সেতু নদী ভাঙ্গনের মুখে পড়লে সেটি খুলে ইউপি চেয়ারম্যান আমির হোসেন আকনের বাড়িতে রাখা হয়। কিন্তু আসামিরা সেতুর মালামাল বিক্রি করে অর্থ আত্মসাত করে। পরে মামলাটি তদন্তের জন্য দুদক'কে দায়িত্ব দেয় আদালত। এই মামলার তদন্ত কর্মকর্তা বরিশাল দুদকের সহকারী পরিচালক মো. আব্দুর রহিম জোয়ার্দ্দার গত ১১ জুলাই পাঁচজনের বিরুদ্ধে মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে আরেকটি মামলা করেন। গত ৩১ অগাস্ট থেকে এ মামলার আসামিরা কারাগারে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২৩৪২ ঘ.