২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমঝোতা চুক্তি বাস্তবায়নের দাবি ক্ষতিগ্রস্তদের

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্তরা ১০ দফা সমঝোতা চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 12:17 PM

Updated : 25 Aug 2022, 07:06 PM

দিনাজপুর, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্তরা ১০ দফা সমঝোতা চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়েছে। এছাড়া ভূমি প্রতিমন্ত্রীর প্রস্তাবিত ক্ষতিপূরণ প্যাকেজ প্রত্যাখান করেছে তারা। দাবি মানা না হলে খনি এলাকায় প্রশাসনকে জরিপ কাজ চালাতে দেওয়া হবে না বলেও ঘোষণা দিয়েছে ক্ষতিগ্রস্তরা। মঙ্গলবার দুপুর ১২টায় দিনাজপুর প্রেসক্লাবে বড়পুকুরিয়া ভূমি ও সম্পদ রক্ষা কমিটির ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ কথা জানান। সংবাদ সম্মেলনে কমিটির উপদেষ্টা মশিউর রহমান বুলবুল লিখিত বক্তব্যে দাবি করেন, গত বছর আলোচনার পর প্রধানমন্ত্রী এলাকাবাসীকে উচ্চমূল্যে জায়গা-জমির ক্ষতিপূরণ এবং খনির কাছে 'মাইনিং সিটি' তৈরি করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দেন। পরবর্তীতে এ বিষয়ে বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষ, পেট্রোবাংলা ও এলাকাবাসীর সঙ্গে ১০ দফা সমঝোতা চুক্তি হয়। কিন্তু চলতি বছরের ৮ সেপ্টেম্বর স্থানীয় সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান এলাকাবাসীর সঙ্গে বৈঠক করে জমির মূল্য বিষয়ে একটি মৌখিক প্যাকেজ ঘোষণা করেন। এই প্যাকেজের আওতায় প্রতি একর কৃষি জমি ২০ লাখ টাকা, আবাসিক ও বাণিজ্যিক জমির মূল্য ধরা হয় একরপ্রতি ২৫ লাখ টাকা। অথচ সমঝোতা চুক্তি অনুযায়ী একর প্রতি জমির মূল্য প্রায় ৪০ লাখ টাকা হওয়ার কথা। এছাড়া প্যাকেজে 'মাইনিং সিটি' স্থাপন কিংবা পুনর্বাসনের ব্যাপারে কোনো কথাই বলা হয়নি। ভূমি ও সম্পদ রক্ষা কমিটির নেতা মশিউর রহমান বুলবুল অভিযোগ করেন, সরকার সমঝোতা চুক্তিকে পাশ কাটিয়ে জোরপূর্বক জমি অধিগ্রহণের চেষ্টা করছে। জরিপের বিষয়ে তারা আপত্তি করলেও সেটা আমলে নেওয়া হয়নি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- ভূমি ও সম্পদ রক্ষা কমিটির সভাপতি মোখলেছার রহমান, সদস্য সচিব আব্দুস সামাদ, কোষাধ্যক্ষ শামসুল আলম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৫ ঘ.