২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের ভেতরে আরো একটি লাশ

তুরাগ নদীতে ডুবে যাওয়া বাসটির ভেতর আরো একটি লাশ পাওয়া গেছে। বাসটির দু-তৃতীয়াংশ ওঠানোর পর উদ্ধারকর্মী দল বলছে, ভেতরে আর কোনো লাশ নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 11:52 AM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুরাগ নদীতে ডুবে যাওয়া বাসটির ভেতর আরো একটি লাশ পাওয়া গেছে। বাসটির দু-তৃতীয়াংশ ওঠানোর পর উদ্ধারকর্মী দল বলছে, ভেতরে আর কোনো লাশ নেই। মঙ্গলবার বেলা ৫টার দিকে দুটি মালবাহী ট্রলার দিয়ে বাসটিকে টেনে তীরের কাছে আনা হলে ভেতরে একটি লাশ পাওয়া যায়। এ নিয়ে এ দুর্ঘটনায় মোট ১১ জনের লাশ পাওয়া গেল। তবে দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক যাত্রী বলেছিলেন, বাসটিতে প্রায় অর্ধশত যাত্রী ছিলেন। ঢাকা থেকে সাভারগামী বৈশাখী পরিবহনের বাসটি রোববার বেলা সাড়ে ১১টার দিকে আমিনবাজারের সালেপুর সেতুর কাছে নদীতে পড়ে যায়। দমকল বাহিনীর পাশাপাশি নৌ ও সেনাবাহিনী নামে উদ্ধার তৎপরতায়। তবে সোমবার দুপুরে বাসটির অবস্থান সনাক্ত করার পর তা টেনে তোলার কাজ শুরু হয়। সেনাবাহিনীর দুটি রেকার বাসটি টেনে তুলছে। দুর্ঘটনার প্রায় ৫৫ ঘণ্টা পর বিকাল ৫টার দিকে এর দুই-তৃতীয়াংশই পানির ওপরে দেখা যায়। বাসের নম্বর ঢাকা-মেট্রো-ব-১১-৪৪৮০। ওই সময় পাওয়া যায় একটি লাশ। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। বাসটি তীরের কাছে আনার পর ডুবুরিরা সেনাবাহিনীর রেকারের রশি বাসের সঙ্গে বেঁধে দেয়। রেকারের সঙ্গে সঙ্গে স্থানীয় জনতাও বাসটিকে তোলার জন্য রশি ধরে টানা শুরু করে। বাস ডুবে যাওয়ার পরপরই আট যাত্রীকে উদ্ধার করা হয়। এর মধ্যে হাসপাতালে মারা যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। সোমবার পাওয়া যায় একটি লাশ। বাকি লাশগুলো মঙ্গলবার উদ্ধার করা হয়। উদ্ধার কাজের সুবিধার জন্য ঢাকা-আরিচা মহাসড়কে গাবতলী থেকে সাভার পর্যন্ত যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। উপপুলিশ কমিশনার ট্রাফিক (পশ্চিম) সেলিম মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ করা হয়েছে। বিকল্প পথে মিরপুরের দারুসসালাম থেকে বেড়িবাঁধ দিয়ে যানবাহন চলাচল করছে।" বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/প্রতিনিধি/এসআইএম/এসএইচএ/এসআইটি/এলএইচ/এমআই/১৭৩৪ ঘ.