রোহান জিয়াদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) কাউন্সিলের সদস্যপদ অর্জন করেছে বাংলাদেশ।
তথ্য ও প্রযুক্তি ইস্যু নিয়ন্ত্রণকারী জাতিসংঘের অঙ্গসংস্থা আইটিইউ'র প্লেনিপোটেনশিয়ারি কনফারেন্সে ভোটাভুটিতে বাংলাদেশ এই সদস্যপদ লাভ করে।
সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক এ সংগঠনটির ১৯১টি সদস্য রাষ্ট্র রয়েছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জিয়া আহমেদ মঙ্গলবার মেক্সিকো থেকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মোট ১৫৭টি ভোটের মধ্যে ১২৩টি ভোট পেয়ে সদস্য পদে জয়ী হয়েছে বাংলাদেশ।"
তিনি জানান, এশিয়া ও অস্ট্রালেশিয়া অঞ্চলের জন্য সংরক্ষিত ১৩টি সদস্য দেশের মধ্যে বাংলাদেশ ষষ্ঠ সদস্য হয়েছে।
আইটিইউ কাউন্সিলে আমেরিকা, পশ্চিম ইউরোপ, পূর্ব ইউরোপ ও উত্তর এশিয়া, আফ্রিকা এবং এশিয়া ও অস্ট্রালেশিয়া - এই পাঁচটি অঞ্চলের মোট ৪৮টি সদস্য রয়েছে।
মেক্সিকোয় গত ৪ অক্টেবর থেকে শুরু হওয়া এ কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে রয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, এ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু, মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বসুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রাজিউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশের জন্য এটা একটি বড় বিজয়।"
আইটিউ কনফারেন্সে বাংলাদেশের একটি বড় সংখ্যক প্রতিনিধি পাঠানো নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে তিনি বলেন, দক্ষিণ কোরিয়া ও জাপানের ৫০ জনেরও বেশি প্রতিনিধি রয়েছে। রোমানিয়া ও নাইজেরিয়া তাদের সাংস্কৃতিক দলকেও সঙ্গে নিয়ে এসেছে।
গণমাধ্যমের সংবাদে বলা হয়, কনফারেন্সে যোগ দিতে বিজনেস ক্লাসে বাংলাদেশের প্রত্যেক সদস্যের জন্য বিমান ভাড়া লেগেছে ৯ লাখ টাকা। ইকনমি ক্লাসে এ ভাড়া ১ লাখ ৫০ হাজার টাকা।
আইটিউ কাউন্সিলের সদস্যপদ পাওয়া নিয়ে হাসানুল হক ইনু বলেন, উন্নয়শীল দেশের প্রতিনিধি হিসাবে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।
তিনি বলেন, "আগামী চার বছর এর কর্মকৌশল নির্ধারণ, অর্থনৈতিক ইস্যু, রেডিও স্পেকট্রাম যোগাযোগ ও এর নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠবে বাংলাদেশ।"
গণমাধ্যমের খবরের বিষয়ে তিনি টেলিযোগাযোগমন্ত্রীর কথারই পুনরাবৃত্তি করেন।
প্রতি চার বছর পর পর আইটিউ নির্বাচনে এর মহাসচিব, উপ-মহাসচিব, রেডিও কমিউনিকেশন ব্যুরো, টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন ব্যুরো ও টেলিকমিউনিকেশন ডেভেলপমেন্ট ব্যুরোর পরিচালক এবং রেডিও রেগুলেশন্স বোর্ডের সদস্যসহ আইটিইউ কাউন্সিলের সদস্য রাষ্ট্র নির্বাচিত হয়।
মালের হামাদুন আই ত্যুরে আইটিইউ'র প্রেসিডেন্ট হিসাবে পুনঃনির্বাচিত হয়েছেন।
গত ফেব্র"য়ারিতে বাংলাদেশ সরকারের 'ডিজিটাল বাংলাদেশ: প্ল্যান অব কানেক্টিং পিপল' উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হামাদুন ত্যুরে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘ পরিবারের বিদ্যমান সংস্থাগুলোর একটি আইটিইউ। জাতিসংঘের ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত হওয়ার আগে ১৮৬৫ সালে টেলিগ্রাফ ইউনিয়ন হিসাবে প্রতিষ্ঠিত হয় আইটিইউ।
প্রতিষ্ঠার পর থেকে রেডিও স্পেকট্রামের বৈশ্বিক ব্যবহারেরর সমন্বয় সাধন, স্যাটেলাইটের কক্ষপথ স্থাপনে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো, উন্নয়নশীল দেশে টেলিযোগাযোগ অবকাঠামোর উন্নয়নসহ এ সবের আন্তর্জাতিক মান নির্ধারণ ও সাইবার নিরাপত্তাসহ বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় অবদান রাখছে আইটিইউ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/পিকেএস/জেবি/এমআই/১৭২৬ ঘ.
bdnews24