২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনের গুরুত্ব তুলে ধরতে হবে: প্রধানমন্ত্রী

প্রাকৃতিক সপ্তাশ্চার্যের তালিকায় রাখতে সুন্দরবনকে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2010, 08:50 AM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাকৃতিক সপ্তাশ্চার্যের তালিকায় রাখতে সুন্দরবনকে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সুন্দরবনের গুরুত্ব বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে। সুন্দরবনকে ভোট প্রদানে জনগণকে উৎসাহিত করার জন্য আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মঙ্গলবার দুপুরে পরিবেশ ও বন মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, "বাংলাদেশের অনেক জীব ও উদ্ভিদই এখন হুমকির সম্মুখীন। এ কারণে জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে উদ্যোগী হতে হবে। জনসচেতনতার পাশাপাশি আইনের প্রয়োগও নিশ্চিত করতে হবে।" তিনি বলেন, "কিছু লোভী মানুষের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। সরকার এই সব দুর্বৃত্তের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।" অপরিকল্পিত নগরায়ন ও ইটভাটা তৈরি, অনিয়ন্ত্রিত মটরযানের ব্যবহার, শিল্প-কারখানার বর্জ্যকে পরিবেশ দূষণের অন্যতম কারণ হিসাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "আমি মন্ত্রনালয়কে নির্দেশ দিচ্ছি, যেসব শিল্প-কারখানা ইটিপি স্থাপন করেনি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। কারো সুবিধার জন্য পরিবেশ নষ্ট হতে দেওয়া যায় না।" ২০১৫ সালের মধ্যে বাংলাদেশের মোট ভূমির ২০ শতাংশ বনায়নের আওতায় আনার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদী রক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "আমাদের নদী রক্ষা ও নদী ব্যবহার দুটিই করতে হবে। পরিবেশ আন্দোলনকারীদের এদিকে খেয়াল রাখতে হবে।" নতুন পরিবেশ আইন অনুযায়ী সব জেলায় পরিবেশ আদালত স্থাপনের কথাও বলেন শেখ হাসিনা। তিনি বলেন, "সুন্দরবন আমাদের গর্ব। যে কোনো মূল্যে সুন্দরবনকে রক্ষা করতে হবে।" সুন্দরবনকে কেন্দ্র করে ইকো-ট্যুরিজম চালু করার বিষয়ে সরকারের চিন্তা-ভাবনার কথাও জানান প্রধানমন্ত্রী। চারটি ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য অনুষ্ঠানে পরিবেশ পদক-২০১০ বিতরণ করা হয়। পরিবেশগত শিক্ষা ও প্রচারের জন্য বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তির জন্য হুমায়ুন কবির, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ইকো টেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল হাসান এবং পরিবেশ সংরক্ষণের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মঞ্জুর-ই-এলাহী এই পদক পান। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সাংসদ, পরিবেশ আন্দোলনের সাথে সম্পৃক্ত ব্যক্তি এবং উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১৯৯৯ সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। বিশ্বের ঐতিহ্যবাহী ২৮টি স্থানের মধ্য থেকে ৭টি প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের ফলাফল ২০১১ সালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। সুন্দরবনকে প্রথম ৭টি প্রাকৃতিক দর্শনীয় স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য যঃঃঢ়:/িি/.িাড়ঃব৭.পড়স/হ৭/িহধঃঁৎব ওয়েব সাইটে লগইন করে অথবা নিউ সেভেন ওয়ান্ডার্স-এর ৪৪ ২০ ৩৩৪ ৭০৯ ০১ নম্বরে সরাসরি টেলিফোন করে ভোট প্রদান করা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/১৪৪৪ ঘ