ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের কুড়িগ্রাম ও সুনামগঞ্জে দু'টি সীমান্ত হাট বসানোর সিদ্ধান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা।
প্রাথমিকভাবে তিন বছরের জন্য হাট বসবে। পরবর্তী সময়ে ভারত-বাংলাদেশের সম্মতির প্রেক্ষিতে হাটের সময় আরো বাড়তে পারে।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ তথ্য জানান।
সীমান্ত হাট দুটি বসবে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বালিয়ামারি ও সুনামগঞ্জের লাউঘর সীমান্তে।
এ বছর জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দু'দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় এ হাটগুলো বসানো হবে।
আবুল কালাম বলেন, "ভারত সীমান্তেও শিগগিরই দু'টি সীমান্ত হাটের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ভারতে মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় এবং বালাতে এলাকায় এ হাট দু'টি বসবে।"
উভয় দেশের যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে গঠিত কমিটি এসব হাটের পরিচালনা কার্যক্রম তদারক এবং নতুন হাটের স্থান নির্ধারণে কাজ করবে বলে জানান তিনি।
প্রেস সচিব বলেন, "প্রাথমিকভাবে এমওইউ'র ভিত্তিতে তিন বছরের জন্য এসব হাট পরিচালনা করা হবে। পরবর্তীতে উভয় দেশের সম্মতিতে এ সব হাটের কার্যক্রম বাড়ানো হতে পারে।"
বৈঠকে উপজেলা পরিষদ (সংশোধন) আইন-২০১০, ন্যাশনাল সার্ভিসের আওতায় অস্থায়ী কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা ও বাংলাদেশে আন্তর্জাতিক রেডক্রস সোসাইটির পূর্ণাঙ্গ ও স্থায়ী কার্যালয় স্থাপনেরও অনুমোদন দেওয়া হয়।
উপজেলা পরিষদ সংশোধন আইনে উপজেলা চেয়ারম্যানদের বিরুদ্ধে স্থানীয় জনগণেরও অনাস্থা প্রস্তাব রাখার ক্ষমতা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেবি/পিডি/২১৩৬ ঘ.
bdnews24