২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে সেনা মোতায়েনের দাবি বার্থ অপারেটরদের

চট্টগ্রাম বন্দরের বেসরকারি বার্থ অপারেটররা তাদের নিরাপত্তা নিশ্চিতে সেখানে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2010, 02:49 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

চট্টগ্রাম, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বেসরকারি বার্থ অপারেটররা তাদের নিরাপত্তা নিশ্চিতে সেখানে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে। রোববার নগরীর একটি রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন করে সৃষ্ঠ অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বার্থ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন এ দাবি জানায়। ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের বাধার মুখে গত তিন দিন ধরে বন্দরের ছয়টি জেটিতে কন্টেইনার উঠা-নামা বন্ধ হয়ে আছে। কন্টেইনার হ্যান্ডলিংয়ের জন্য নিয়োগ পাওয়া বার্থ অপারেটররা গত শুক্রবার থেকে বন্দরের সাধারণ ছয়টি জেটিতে কাজ শুরু করতে পারে নি। গত বৃহস্পতিবার বন্দর কর্তৃপক্ষের সঙ্গে তাদের চুক্তি হয়। এর আগে এসব জেটি বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছিল। সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের আহবায়ক ও এভারেস্ট এন্টারপ্রাইজের স্বত্ত্বাধীকারী শাহাদাত হোসেন সেলিম বলেন, "একটি স্বার্থান্বেষী মহল ট্রানজিটকে বাধাগ্রস্ত করতে গভীর চক্রান্ত করছে।" তিনি বন্দরের স্বার্থে ও ব্যবসায়ীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বন্দরে সেনা মোতায়েনের দাবি জানান। তিনি বলেন, "গত পাঁচ মাসে বন্দরের অদক্ষতার কারণে পাঁচ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।" বার্থ অপারেটররা অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দরের কাজ বন্ধ করে দিয়ে শ্রমিক নেতারা 'রাষ্ট্রদ্রোহী' আচরণ করছেন। শ্রমিকরা আন্দোলন করলেও আমাদের কাছে কোনো দাবি জানাচ্ছে না। শাহাদাত হোসেন সেলিম বর্তমান অচলাবস্থার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ভূমিকার সমালোচনা করেন। কন্টেইনার ওঠানামার কাজ না হওয়ায় জরুরি বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি নিয়ে আসা একটি জাহাজ তিনদিনেও তা খালাস করতে পারেনি বলে জানান অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হাসান মাহমুদ চৌধুরী। সংবাদ সম্মেলনে অপর বেসরকারি বার্থ অপারেটর এম এইচ চৌধুরী লিমিটেডের চেয়ারম্যান আ জ ম নাছির উদ্দিন বক্তব্য রাখেন। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ছয়টি বেসরকারি বার্থ অপারেটর কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ পায়। শুক্রবার থেকে ১২ নম্বর জেটির একটি জাহাজ থেকে কন্টেইনার ওঠানামার মাধ্যমে পর্যায়ক্রমে ছয়টি জেটিতে বেসরকারি অপারেটরদের কাজ শুরু করার কথা ছিল। ওই জেটিতে এভারেস্ট এন্টারপ্রাইজের কর্মীরা শুক্রবার বিকালে কাজ শুরু করতে গেলে ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের কর্মীরা তাদের বাধা দেয় এবং হামলা চালায়। ফেডারেশন দাবি করছে, বার্থ অপারেটররা কাজ শুরুর আগে পুনঃনিয়োগের জন্য যাচাই বাছাই করে শ্রমিক-কর্মচারীদের পরিচয়পত্র দিতে হবে। শ্রমিকদের সব ধরনের কল্যাণমূলক ভাতা দিতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেবি/এইচএ/২০৪৪ ঘ.