২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্যোনার যন্ত্র নিয়ে রওয়ানা দিয়েছেন বিশেষজ্ঞ

প্রায় অর্ধশত যাত্রী নিয়ে সাভারে তুরাগ নদীতে ডুবে যাওয়া বাসটির সন্ধান মেলেনি ১০ ঘণ্টায়ও। বাস খুঁজে পেতে স্যোনার যন্ত্র নিয়ে চট্টগ্রাম থেকে রওয়ানা দিয়েছেন নৌবাহিনীর এক বিশেষজ্ঞ। ঘটনাস্থল থেকে জানাচ্ছেন সায়েদুল ইসলাম তালাত, শামীম আহমেদ ও সেলিম আহমেদ (আরো তথ্যসহ-৮)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2010, 01:13 PM

Updated : 25 Aug 2022, 07:05 PM

শামীম আহমেদ, সেলিম আহমেদ ও সায়েদুল ইসলাম তালাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সাভার, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় অর্ধশত যাত্রী নিয়ে সাভারে তুরাগ নদীতে ডুবে যাওয়া বাসটির সন্ধান মেলেনি ১০ ঘণ্টায়ও। বাস খুঁজে পেতে স্যোনার যন্ত্র নিয়ে চট্টগ্রাম থেকে রওয়ানা দিয়েছেন নৌবাহিনীর এক বিশেষজ্ঞ। স্যোনার যন্ত্র নিয়ে নৌবাহিনীর বিশেষজ্ঞের চট্টগ্রাম থেকে রওয়ানা দেওয়ার কথা রাত ৯টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ঘটনাস্থলে থাকা নৌবাহিনীর ক্যাপ্টেন নাজমুল হাসান (পরিচালক-অপারেশন্স)। ইউনাইটেড এয়ারওয়েজের ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে রাত ৯টা ২৫ মিনিটে রওয়ানা দেয় বলে জানান ইউনাইটেডের ঢাক বিমানবন্দর কার্যালয়ে কর্মরর্ত সাইফুল। ক্যাপ্টেন নাজমুল বলেন, "চট্টগ্রাম থেকে ইউনাইটেড এয়ারওয়েজের রাত ৮টা ৫০ মিনিটের নিয়মিত ফ্লাইটে একজন বিশেষজ্ঞ স্যোনার যন্ত্র নিয়ে রওয়ানা দিয়েছেন। রাত সাড়ে ৯টার দিকে ফ্লাইটটি ঢাকা পৌঁছানোর কথা।" রোববার বেলা সাড়ে ১১টার দিকে আমিনবাজারের সালেপুর সেতুর কাছে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বৈশাখী পরিবহনের ওই বাসটি। এটি ঢাকা থেকে সাভার যাচ্ছিলো। ডুবে যাওয়ার পর বাসের আট যাত্রী তীরে উঠে আসেন। তবে এর মধ্যে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। নিহত মনোয়ারা হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষে ছাত্রী। জীবিত উদ্ধার বাসযাত্রীদের একজন তপন (২৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বাসটিতে ৪০-৫০ জন আটকা পড়ে ছিলেন। দুর্ঘটনাস্থল আমিনবাজারের সালেপুরে বাসযাত্রীদের স্বজনরা ভিড় করেছেন। স্যোনার (ংড়হধৎ) হলো 'সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং' (ংড়ঁহফ হধারমধঃরড়হ ধহফ ৎধহমরহম) শব্দবন্ধের সংক্ষিপ্ত রূপ। এ যন্ত্র থেকে শব্দতরঙ্গ ছড়িয়ে দিয়ে তার প্রতিধ্বনির ভিত্তিতে পানিতে ডুবে থাকা কোনো বস্তুর অবস্থান খুঁজে বের করা যায়। উদ্ধারকাজ চলছে দমকল বাহিনীর পাশাপাশি সেনা ও নৌবাহিনীর সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছে। তবে স্রোতের কারণে বাসটি খুঁজে পেতে সমস্যা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নৌবাহিনীর ক্যাপ্টেন নাজমুল হাসান (পরিচালক-অপারেশন্স) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাত ৮টার পর জানান, চট্টগ্রাম থেকে ইউনাইটেড এয়ারওয়েজের রাত ৮টা ৫০ মিনিটের নিয়মিত ফ্লাইটে একজন বিশেষজ্ঞ স্যোনার যন্ত্র নিয়ে রওয়ানা দেবেন। রাত সাড়ে ৯টায় ফ্লাইটটি ঢাকা পৌঁছানোর কথা। দমকল বাহিনীর মহাপরিচালক আবু নাঈম মো. শহীদুল্লাহ জানান, উদ্ধারকাজে সহায়তা করতে ঘটনাস্থলে এসে পৌঁছেছে দমকল বাহিনীর অগ্নিবীণা নামের একটি জাহাজ। জাহাজটি এ প্রথম কোনো উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে। এর আগে দমকল বাহিনীর মহাপরিচালক সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, "বাসটি খুঁজে পেতে বিশেষ ব্যবস্থায় চট্টগ্রাম থেকে নৌবাহিনীর স্যোনার যন্ত্র আনা হচ্ছে।" তিনি জানান, নদীর তলদেশ উঁচু-নিচু হওয়ায় এবং তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজ কঠিন হয়ে দাঁড়িয়েছে। ক্যাপ্টেন নাজমুল ও নৌবাহিনীর ঢাকা এরিয়া কমান্ডার কমোডর এএসএম আব্দুল বাতেন উদ্ধারকাজ তদারক করছেন। ছয়টি ট্রলার, পাঁচটি নৌকা ও দুইটি স্পিডবোট ব্যবহার করে নৌবাহিনীর ১৫ এবং দমকল বাহিনীর ১০ জন ডুবুরি বাসের খোঁজে নদীর তলদেশে নামছেন। সেনাবাহিনীর দুই ও তিন নং ব্যাটালিয়ন ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। এর আগে ক্যাপ্টেন নাজমুল জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যানকে উদ্ধারকারী একটি জাহাজ পাঠানোর অনুরোধ জানিয়েছে নৌবাহিনী। তবে চেয়ারম্যান জানিয়েছেন তুরাগ নদীর পানির গভীরতায় উদ্ধারকারী জাহাজ আনা কঠিন। তুরাগ নদীতে বাস খোঁজায় অংশ নেওয়া নৌবাহিনীর ডুবুরি নোমান সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি নদীর ৯৫ ফুট তলায় প্রায় একঘণ্টা বাসটি খুঁজেছেন। তবে প্রচণ্ড স্রোতের কারণে নদীর তলদেশে স্থির থাকা যাচ্ছে না বলে জানান নোমান। বাসটি উদ্ধারে প্রথমে দমকল বাহিনীর ডুবুরীরা নামে। সেনাবাহিনী ও নৌবাহিনীর উদ্ধারকারী দল যোগ দেয় বেলা ৩টার দিকে। দমকল বাহিনীর মহাপরিচালক আবু নাঈম মো. শহীদুল্লাহ বিকাল সাড়ে ৫টার দিকে সাংবাদিকদের বলেন, "সার্চ ক্যামেরা নামানো হয়েছে। আশা করি, শিগগিরই বাসটি খুঁজে পাওয়া যাবে।" দুর্ঘটনাস্থলে স্বজনদের ভিড় বাস ডুবে যাওয়ার পরপরই দুর্ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয়রা। বিকালে অনেকে আসতে থাকে স্বজনদের খোঁজে, যাদের ধারণা তাদের স্বজনরা ছিলেন ওই বাসে। শাফিন নামে ঢাকার মিরপুরের এক বাসিন্দা এসেছেন তার বাবা আব্দুল মান্নানকে খুঁজতে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি সাভারে যাওয়ার জন্য সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন। দুপুরের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ। ধারণা করছি, তিনি এ বাসেই ছিলেন।" একই ধারণা থেকে ভাই আরিফুল ইসলামের সন্ধানের জন্য এসেছেন সাভারের বাসিন্দা শিরীণ আক্তার। তিনিও বলেন, তার ভাইয়ের মোবাইল ফোন দুপুর থেকে বন্ধ পাচ্ছেন। ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম তদারক করছেন ঢাকার জেলা প্রশাসক মো. মোহিবুল হক। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদারও দুপুরে দুর্ঘটনাস্থলে যান। জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, "নদীতে প্রবল স্রোত। তাই উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে।" সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের একদল সদস্য বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে উদ্ধার কাজে সহায়তা করছে। শুরুতে তিনজন ডুবুরী নিয়ে উদ্ধার কাজ পরিচালনা করা এবং বাসের সন্ধান না মেলায় দুপুরে স্থানীয়রা বিক্ষোভ শুরু করে। তখন বিক্ষোভরত জনতাকে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় র‌্যাব। ওদিকে সাভার থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত মনোয়ারার লাশ পুলিশের হেফাজতে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এসএইচএ/এজে/এমআই/পিডি/২২০০ ঘ.