সাভার, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে এক রাতে পাশাপাশি অবস্থিত তিনটি বাড়িতে ডাকাতি হয়েছে।
সাভার ইউনিয়নের মিটনকৃষ্টপুরে বৃহস্পতিবার গভীর রাতে এ ডাকাতি হয়।
ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে নগদ ৫ লাখ টাকা, ৪২ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রীসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে।
এসময় ডাকাতদের হামলায় আহত হয়েছে ওই তিন বাড়ির ৯ সদস্য।
আহতরা হলেন- অমল পালমা, তার স্ত্রী মিলি পালমা ও ছেলে বিতান পালমা, অমলের ভাতিজা জন সঞ্জিব পালমা ও তার স্ত্রী জিনিয়া পালমা, অমলের বড় ভাই বিজয় পালমা, তার স্ত্রী মঞ্জু রানী পালমা, মেয়ে শিমুল পালমা ও ছেলের বৌ পিংকি পালমা।
তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ২৫/৩০ জনের মুখোশ পরা একদল ডাকাত এক সঙ্গে তিনটি বাড়িতে হানা দেয়।
বাড়ির কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে তারা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। পিটিয়ে আহত করে বাড়ির সবাইকে।
প্রায় আধাঘন্টা সময়ে তারা লুটে নেয় নগদ টাকা ও স্বর্ণালকারসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল।
অমল পালমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাতরা তাদের আলমারি ভেঙ্গে ৭ ভরি স্বর্ণালংকার, নগদ সোয়া লাখ টাকা, মোবাইল ফোন ও শাড়ী কাপড় লুটে নিয়েছে।
অমলের বড় ভাই বিজয় পালমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাতরা তাদের সবাইকে জিম্মি করে আলমারি ভেঙ্গে নগদ ৫৭ হাজার টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুট করেছে।
অমল ও বিজয়ের ভাতিজা জন সঞ্জিব পালমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডাকাতরা প্রথমে আমার ছোট চাচা অমল পালমার ঘরে ঢুকে। তাদের অপর একটি গ্র"প আমাদের ঘরে ও আরেকটি গ্র"প বড় চাচা বিজয় পালমার ঘরে ঢুকে।"
তিনি বলেন, "ডাকাতরা আমাদের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। লুট করে নেয় আমার ২০ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ টাকা, তিনটি মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী।"
সাভার থানার ওসি মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডাকাতির খবর শুনেছি।"
সাভার থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার সামসুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্ষতিগ্রস্তদের কাছ থেকে অভিযোগ নেওয়া হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৭২০ ঘ.
bdnews24