কিশোরগঞ্জ, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের বাজিতপুরে গলায় ফাঁস দিয়ে এক চিকিৎসক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
মৃত মোজাম্মেল হক শিকদার (৩০) বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি পিরোজপুর জেলার কাউখালী উপজেলার কুমিয়ান গ্রামে।
বাজিতপুর থানার উপ-পরিদর্শক সৈয়দ আবদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোজাম্মেল হক হাসপাতাল লাগোয়া চিকিৎসক ডরমেটরির পঞ্চম তলার একটি কক্ষে থাকতেন। সকাল থেকে তিনি বাইরে বের হননি। দুপুরের দিকে পাশের আফতাব উদ্দিন উচ্চবিদ্যালয়ের ছাত্ররা বাইরে থেকে তার ফাঁস লাগানো ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করে।
কিছুক্ষণ পর সহকর্মী ও স্থানীয় লোকজন দরজা ভেঙ্গে মোজাম্মেলের লাশ উদ্ধার করে। পরে বাজিতপুর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে।
পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ জানান, মোজাম্মেলের চিকিৎসক স্ত্রী সুলতানা পারভীন চম্পা এর আগে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি করতেন। সরকারি চাকরি পেয়ে বর্তমানে তিনি মেহেরপুর জেলার কর্মস্থলে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২১৫২ ঘ.
bdnews24