সাগরে নিম্নচাপ ৩ নম্বর সতর্কতা সংকেত
পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি সামান্য উত্তর দিকে সরে গিয়ে একই এলাকায় অবস্থান করছে।
এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে একথা জানানো হয়।
চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
নিম্নচাপটি বৃহস্পতিবার রাত নয়টায় চট্রগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯০০ কি. মি. দক্ষিণপশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কি.মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
এটি আরো জোরদার হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় ৪০ কি.মি. যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর উত্তাল থাকবে।
নিম্নচাপ এবং অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্রগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, চাঁদপুর, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং এসব জেলার অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-৭ ফুটের বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরর্বতী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
