ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ শিক্ষা ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর গবেষণার জন্য বাংলাদেশে একটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং একটি রবীন্দ্র একাডেমী প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, বর্তমান সরকার ভারতের পশ্চিমবঙ্গের শান্তি নিকেতনে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের আবাসন সুবিধা দেওয়ার জন্য সেখানে একটি বাংলাদেশ ভবন প্রতিষ্ঠারও চিন্তাভাবনা করছে।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন বিষয়ক জাতীয় কমিটির প্রথম বৈঠকে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।
তিনি বলেন, কমিটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিটির সদস্যদের জানান যে বিশ্বকবির জন্মবার্ষিকী ব্যাপকভাবে উদযাপনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
প্রেস সচিব আরো বলেন, রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদযাপনে সরকারি বিভিন্ন কর্মসূচির পাশাপাশি সারা দেশে যথাযথ মর্যাদায় নোবেল বিজয়ী এই কবির জন্মবার্ষিকী পালনে সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে।
বৈঠকে কবি রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীর কর্মসূচি সমন্বয় করতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রীকে প্রধান করে একটি 'ওয়ার্কিং কমিটি' গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ এবং কবি, লেখক, শিক্ষাবিদ, শিল্পী ও বুদ্ধিজীবীদের নিয়ে গঠিত কমিটির অন্য সদস্যরাও বৈঠকে উপস্থিত ছিলেন।
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে ১৫৬ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
এ বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া দিল্লি সফরের সময় দুই দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০ তম জন্মবার্ষিকী যৌথভাবে পালনের সিদ্ধান্ত নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএনএস/এইচএ/২১০৯ ঘ.
bdnews24