ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শেওড়াপাড়ায় একটি দ্রুতগামী বাসের চাপায় মো. শহীদ (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়।
পুলিশ ঘাতক বাস ও ড্রাইভার মালেককে আটক করেছে। বাসের চাপায় একটি প্রাইভেটকার ও পাঁচটি রিক্সা ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শী পুলিশ সার্জেন্ট মো. আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর ১টা ৪০ মিনিটের দিকে কনক পরিবহনের একটি দ্রুতগামী বাস শেওড়াপাড়া বাসস্ট্যান্ডে কয়েকটি রিক্সার ওপর উঠে গেলে ছয়জন গুরুতর আহত হন। এ সময় একটি প্রাইভেটকারও দুমড়ে যায়।
"আহতদের মধ্যে একজনের অবস্থা মুমুর্ষূ হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"
স্থানীয় ব্যবসায়ীরা জানান, নিহত শহীদ কাচামালের ব্যবসা করতেন। রাস্তা পার হওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২১১২ ঘ.
bdnews24