সাভার, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাজের মজুরি (পিস রেট) বৃদ্ধির দাবিতে সাভারের আশুলিয়ার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সোমবার সকাল থেকে বিক্ষোভ করছে।
পুলিশ জানিয়েছে, আউখপাড়া এলাকায় ডাইনেস্টি সোয়েটার (বিডি) লিমিটেডের সাড়ে চার হাজার শ্রমিক এ বিক্ষোভ করছে। বিক্ষুব্ধ শ্রমিকরা ইতিমধ্যে কারখানার কয়েকজন কর্মকর্তাকে মারধর করেছে। পরিস্থতি নিয়ন্ত্রণে কারখানার সামনে অতিরিক্তি র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পিস রেট বৃদ্ধির দাবিতে কারখানাটির শ্রমিকরা সকাল ৯টার দিকে বিক্ষোভ শুরু করে।
তিনি বলেন, "এক পর্যায়ে সকাল ১০টার দিকে তারা কারখানার মানবসম্পদ কর্মকর্তা পুলিশের সাবেক এএসপি নুরুজ্জামান চৌধুরীকে মারধর করে। তাকে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিকরা ভেতর থেকে কারখানার প্রধান ফটকে তালা দিয়েছে। বাইরে র্যাব-পুলিশ মোতায়েন আছে।"
ওসি সিরাজুল আরো জানান, শ্রমিকদের হামলায় কারখানার নিরাপত্তা প্রধান মোজাফফর হোসেনও আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মোজাফফর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে শ্রমিকরা অবরুদ্ধে করে রেখেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২২৫ ঘ.
bdnews24