২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে দুদল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2010, 06:00 AM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঝিনাইদহ, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ ১৮ রাউন্ড গুলি বর্ষন ও এক রাউন্ড কাঁদানে গ্যাস সেল নিক্ষেপ করে। রোববার সকালে এ সংঘর্ষের সময় তিনটি বাড়ি ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর হয়। আহতদের মধ্যে দুজন পুলিশ। ৫ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। ঝিনাইদহ পুলিশ সুপার মো. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন ও গোয়ালপাড়া বাজারের দখল নিয়ে পুটিয়া গ্রামের মকছেদ জোয়ারদারের সাথে কাশিমপুর গ্রামের লুৎফর রহমানের বিরোধ চলে আসছে। শনিবার লুৎফর রহমানের পক্ষের লোকেরা গোয়ালপাড়া বাজারে হাবিব জোয়ারদারের রাইস মিলে হামলা চালিয়ে ভাংচুর করে। এই ঘটনা নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দু'পক্ষের মধ্যে শনিবার রাতেই সাজ সাজ রব পড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতেই গোয়ালপাড়া বাজারে পুলিশ মোতায়েন করা হয়। তিনি জানান, রোববার সকাল ৬ টার দিকে এক পক্ষে কাশিমপুর, নারায়নপুর ও ঘোড়ামারা গ্রামের লোকেরা অবস্থান নেয়। অপরপক্ষে অবস্থান নেয় পুটিয়া গ্রামের লেকেরা। দুপক্ষের প্রায় আড়াই হাজার লোক ঢাল, সড়কি, রামদা, ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে গোয়ালপাড়া বাজারে মুখোমুখি হয়। পুলিশ দুপক্ষের মাঝামাঝি অবস্থান নিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করে। এ সময় উভয় পক্ষ ইটপাটকেল ছুড়তে থাকে। এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। ইটের আঘাতে ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) সোণিত কুমার গায়েন ও আনসার কমান্ডার শামসুল আলম আহত হয়। সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি বর্ষন ও কাঁদানে গ্যাস সেল নিক্ষেপ করে। আহতদের মধ্যে গোয়ালপাড়ার ওহিদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। ঝিনাইদহ সদর থানার ওসি সগির মিঞা জানান, এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে উজ্জল, পিকুল ও আলীমুজ্জামান নামের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১১৫৬ ঘ.