২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর জন্য ১১২৫টি বাস কিনবে সরকার

রাজধানীর পরিবহন সংকট কমাতে সরকার এক হাজার একশ ২৫টি বাস কিনবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2010, 02:16 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পরিবহন সংকট কমাতে সরকার এক হাজার একশ ২৫টি বাস কিনবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত 'জাতীয় যোগাযোগ অবকাঠামো: বেসরকারি খাতের ভূমিকা' শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। যোগাযোগমন্ত্রী বলেন, "ঢাকার সাধারণ যাত্রীদের পরিবহন সংকট কমাতে চীন থেকে একশ ৭৫টি, দক্ষিণ কোরিয়া থেকে তিনশটি এবং ভারত থেকে বিভিন্ন ধরনের ছয়শ ৫০টি বাস কেনা হবে।" তিনি জানান, ভারত থেকে তিনশটি সাধারণ, তিনশটি দোতলা ও ৫০টি আর্টিকুলেটেড বাস কেনা হবে। একশ ৫০টি এসি ও একশ ৫০টি নন-এসি বাস কেনা হবে দক্ষিণ কোরিয়া থেকে। ঢাকায় উড়ালপথ নির্মাণ প্রসঙ্গে আবুল হোসেন বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে নির্মাণ কোম্পানির সঙ্গে চুক্তি হবে। মন্ত্রী বলেন, "আগামী বছরের প্রথম দিকে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নির্মাণ কাজ শুরু হবে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে দুশ ৫০ থেকে তিনশ কোটি ডলার।" গত পাঁচ বছরে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার আমলে রেলপথকে ধ্বংস করা হয়েছে অভিযোগ করে এর সমালোচনা করেন যোগাযোগমন্ত্রী। তিনি বলেন, "ক্ষমতায় থাকার সময় তারা রেলওয়েকে ধ্বংস করেছে। কিন্তু আওয়ামী লীগ সরকার যোগাযোগের এই মাধ্যমটির পুনর্গঠনে দৃঢ়প্রতিজ্ঞ।" এই খাতের উন্নয়নে ইতিমধ্যে ছয় হাজার কোটি টাকার যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। যোগাযোগমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-নারায়ণগঞ্জ রেল সড়কে নিয়মিত সার্ভিস পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন। পদ্মা সেতু তৈরি হলে মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) ১.৩ শতাংশ বাড়বে এবং দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৩ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে জানান তিনি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উন্নয়ন সম্পর্কে ব্যবসায়ীদের প্রশ্নের জবাবে আবুল হোসেন বলেন, "ভবিষ্যতে উচ্চগতির একটি এক্সপ্রেস রেলওয়ে নির্মাণের পরিকল্পনা মাথায় রেখে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত চার লেনের একটি মহাসড়ক নির্মাণ করা হবে।" তিনি বলেন, "দুটি সড়কের মাঝে পাঁচ ফুট জায়গা রাখা হবে যাতে ওই ফাঁকা স্থানে রেলসড়ক নির্মাণ করা যায়।" ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি'র চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি ঢাকা নগরীতে গণ-যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/জেবি/পিডি/২০০৯ ঘ.