নওগাঁ, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের অপহৃত ছাত্রী তিনদিনেও উদ্ধার হয়নি।
গত বৃহস্পবিার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় কয়েকজন বখাটে মেয়েটিকে (১৩) অপহরণ করে বলে তার স্বজনরা জানায়। সে নবম শ্রেণীর ছাত্রী।
এ ঘটনায় তার মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
মেয়েটির মা ডেইজি আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কুলের বেতন দেওয়ার জন্য বৃহস্পতিবার তিনি মেয়েকে সকাল সাড়ে ১০টায় স্কুলে রেখে আসেন। কিন্তু বেতন দিয়ে সে বাড়ি না ফেরায় তিনি আবারো স্কুলে যান।
সেখানে না পেয়ে বাড়ি ফেরার পথে এক আত্মীয়ের কাছে শোনেন বেলা ১২টার দিকে দুর্গাপুর মহল্লার নজমুল হক মন্টুর ছেলে মুন্না তার সহযোগীসহ দুইটি মোটরসাইকেলে এসে জেলা পরিষদ ডাকবাংলোর সামনের রাস্তা থেকে তাকে অপহরণ করে নিয়ে গেছে।
তিনি (মা) ওইদিন সন্ধ্যায় মুন্না, তার মা মাহফুজা বেগম ও বাবা নাজমুল হক মন্টুকে আসামি করে নওগাঁ সদর মডেল থানায় মামলা করেছেন।
নওগাঁ সদর মডেল থানার ওসি আমিনুল ইসলাম জানান, "মামলা রেকর্ড হয়েছে। আমরা মেয়েটিকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৫ ঘ.
bdnews24