২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিকের ১০ হাজার বই উদ্ধার, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ হাজার একশ' বই উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2010, 02:57 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ হাজার একশ' বই উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার হাটাবো এলাকার পূর্বাচল পেপার মিল থেকে এসব বই উদ্ধার করা হয়। বইগুলো ওজন দরে বিক্রি করা হচ্ছিলো। জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের এসব বই বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- ঠিকাদার আবুল হোসেন (২৯), ট্রাকচালক মো. হাকিম (৩৬) ও তার সহকারী শামিম (২২)। রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আহসান উল্লাহ সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত দেড়টায় গাইবান্ধা থেকে একটি ট্রাকে করে পূর্বাচল পেপার মিলে বইগুলো আনা হয়। ট্রাক থেকে বই নামাতে দেখে এলাকার লোকজনের সন্দেহ হয়। তারা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। এসআই জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকসহ ১০ হাজার একশ' বই উদ্ধার করে। এর আগে আরো ১০ হাজার বই মিলে নামানো হয়েছে বলে তারা ধারণা করছেন। উদ্ধারকৃত বইয়ের মধ্যে রয়েছে- জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের ২০১০ সালের ছাপানো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, সমাজ ও বিজ্ঞান বিষয়ের বই। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছেন, গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঠিকাদার আবুল হোসেন ঢাকার নাখাল পাড়ার শাজাহান নামের এক ব্যক্তির কাছে নিলামে বাতিল কাগজ বিক্রি করেন। কিন্তু চক্রটি বাতিল কাগজের আড়ালে এসব বই অধিদপ্তরের গুদাম থেকে নিয়ে আসে। রূপগঞ্জ থানার ওসি ফোরকান শিকদার জানান, সরকারি বই বাইরে বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু বাতিল কাগজের আড়ালে ঠিকাদারি প্রতিষ্ঠান অসাধু সরকারি কর্মকর্তাদের যোগসাজসে বইগুলো বাইরে এনে পেপার মিলে বিক্রি করার চেষ্টা করেছিলো। চক্রের মূল হোতাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনা মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৬ ঘ.