দিনাজপুর, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি মীমাংসিত দাবি করে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারুল ইসলাম বলেছেন, দেশ চালাতে ব্যর্থ হয়ে আওয়ামী লীগ ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে।
তিনি দাবি করেন, "১৯৭২ সালে মুজিব সরকার তদন্ত কমিটি করে ১৯৫ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনে। কিন্তু তখন ত্রিপক্ষীয় (সিমলা) চুক্তির মাধ্যমে অজ্ঞাত কারণে তাদের ক্ষমা করে দেওয়া হয়।
৩৯ বছর পর সেই মীমাংসিত বিষয়ে ষড়যন্ত্রমূলক মামলা ও গ্রেপ্তারের রাজনীতি শুরু করেছে আওয়ামী লীগ।"
শুক্রবার দুপুর ৩টায় দিনাজপুর জামায়াত কার্যালয়ে দলের রংপুর-দিনাজপুর অঞ্চলের জেলা ও উপজেলা আমির ও সেক্রেটারিদের সমাবেশে আজহারুল ইসলাম এই দাবি করেন।
সভাপতির বক্তব্যে তিনি আরো দাবি করেন, "১৯৭১ সাল থেকে এ পর্যন্ত দেশের কোথাও যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে একটি সাধারণ ডায়েরিও (জিডি) হয়নি। এখন তাদের বিরুদ্ধে মামলা কেন করা হচ্ছে জনগণ তা জানে।"
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের তীব্র সমালোচনা করে আজহার বলেন, জামায়াতে ইসলামী নিবন্ধিত একটি বৈধ রাজনৈতিক দল। আন্দোলনে বাধা, নেতাদের গ্রেপ্তার ও মামলা করে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না।
তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে কারাবন্দি নেতাদের মুক্ত করা হবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন- দলটির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মমতাজ উদ্দিন, দিনাজপুর জেলা আমির আনোয়ারুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা আমির আব্দুল হাকিম, রংপুর জেলা আমির মাহবুবুর রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৬ ঘ.
bdnews24