২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে লোকসংস্কৃতি উৎসব শুরু

লোকসংস্কৃতি রক্ষার আহ্বান জানিয়ে বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে শুক্রবার শুরু হয়েছে দু'দিনব্যাপী লোকসংস্কৃতি উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2010, 04:58 PM

Updated : 24 Aug 2022, 06:27 PM

চট্টগ্রাম,জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লোকসংস্কৃতি রক্ষার আহ্বান জানিয়ে বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে শুক্রবার শুরু হয়েছে দু'দিনব্যাপী লোকসংস্কৃতি উৎসব। সমাজ, অর্থনীতি ও সংস্কৃতি বিষয়ক গবেষণাধর্মী সংগঠন সমাজ সমীক্ষা সংঘের আয়োজনে বিকালে নগরীর ডিসি হিল চত্বরে এ উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী। উৎসব উদ্বোধনের আগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। নানা আয়োজনে বর্ণিল এ শোভাযাত্রা নগরীর বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। উৎসব উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উৎসব উদযাপন কমিটির চেয়ারম্যান কাজী মাহমুদ ইমাম বিলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর আবাসিক সম্পাদক কবি আবুল মোমেন। বিচারপতি হাবিবুর রহমান বলেন, "আকাশ সংস্কৃতির আগ্রাসন মোকাবেলা করে বাংলার লোকসংস্কৃতি মাথা উঁচু করে বেঁচে থাকবে। এর জন্য হতাশ হবার কোনো কারণ নেই। "আমাদের শেকড়ের এ সংস্কৃতি স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে আমাদের মাঝে টিকে থাকবে। এর জন্য বেশি তথ্য-তত্ত্ব ও মেধা-মননের আরোপিত চর্চার কোনো প্রয়োজন নেই। কবি আবুল মোমেন বলেন, সংস্কৃতি জীবন থেকেই উঠে আসে। সেটি স্বাচ্ছন্দ্য হারিয়ে ফেললে এর অস্তিত্ব হুমকির মুখে পড়বে, নিজেদের শেকড়ের সৃজন ব্যাহত হবে। তিনি আরো বলেন, আমরা এখন লোকসংস্কৃতির যে ধারাটি চর্চা করছি তা একপ্রকার মিউজিয়ামের মতো। এ ধারা থেকে বেরিয়ে এসে আকাশ সংস্কৃতির আগ্রাসন থেকে লোকধারাটি রক্ষায় সচেষ্ট হতে হবে। উৎসব ঘোষণায় লোকসংস্কৃতি রক্ষায় দেশের প্রতিটি বিভাগে একটি করে ফোকলোর সোসাইটি প্রতিষ্ঠা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি ফোকলোর বিভাগ প্রতিষ্ঠার দাবি জানানো হয়। এছাড়া উৎসব থেকে দেশের আদিবাসীদের মাতৃভাষাসমূহের স্বীকৃতি, শিক্ষার প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষা গ্রহণের ব্যবস্থা এবং তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের নানাদিক সংরক্ষণের দাবি জানিয়ে বাংলার লোকসংস্কৃতি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে সরকারের প্রতি আহবান জানানো হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক দেবাশীষ রায়, সমাজ সমীক্ষা সংঘের নির্বাহী পরিচালক আহমেদ সাইফুদ্দিন খালেদ, শিহাব চৌধুরী বিপ্লব, সুমন চৌধুরী মনি। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন রাঙামাটির জুম ঈসথেটিকস কাউন্সিল, মাইজভাণ্ডারী মরমী শিল্পী গোষ্ঠী, বোধন আবৃত্তি পরিষদ, কক্সবাজারের ওয়াঁ ওয়াঁ রাখাইন সাংস্কৃতিক দল ও কুষ্টিয়ার সাঁইয়ের বাউল দল। শনিবার উৎসবের দ্বিতীয় ও শেষ দিনে প্রথম পর্বের অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এইচএ/২২৫৩ ঘ.