ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুমোদনহীন নকশা অনুযায়ী যেসব ইমারত নির্মাণ করা হয়েছে সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক।
বুধবার মন্ত্রণালয়ে সভা শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, "অনেক মালিকই অনুমোদিত নকশা ও প্ল্যান অনুযায়ী ভবন নির্মাণ করেন না। এক্ষেত্রে ইমারত নির্মাণ বিধিমালা মেনে ভবন নির্মাণ নিশ্চিত করতে জরিপের মাধ্যমে অননুমোদিত ভবন চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হবে।"
এছাড়া সচিবালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ জরাজীর্ণ গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলো ভাঙ্গা ও পুনঃসংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু এ কাজের জন্য দেশে দক্ষ জনবল নেই। তাই বিদেশ থেকে বিশেষজ্ঞ আনা হবে বলে জানান তিনি।
আব্দুর রাজ্জাক বলেন, এ জন্য প্রয়োজনে ইউএনডিপিসহ দাতা দেশ ও সংস্থাগুলোর সাহায্যও চাওয়া হবে।
এর আগে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে মন্ত্রীর সভাপতিত্বে 'ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা' বিষয়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সচিব মোখলেছুর রহমানসহ কমিটির সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে ব্রিফিংয়ে আব্দুর রাজ্জাক বলেন, "ঢাকা মহানগরীতে তিন হাজার ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে মাত্র ছয়টি ভবন ভাঙা হয়েছে। বাকিগুলো এখনও ঝুঁকির মধ্যে রয়েছে। এসব ভবন ভাঙার ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।"
"এখন ঢাকার বাইরেও বড় বড় ভবন নির্মিত হচ্ছে। সেখানে রাজউকের কোনো নিয়ন্ত্রণ নেই", বলেন তিনি।
মন্ত্রী বলেন, "ঢাকার বাইরেও যেন বিধিমালা মেনে ভবন নির্মিত হয়, সেজন্য স্থানীয় কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হবে। তারাই দেখবেন ভবন নির্মাণে নিয়ম মানা হচ্ছে কিনা।"
ভূমিকম্প হলে কোন মন্ত্রণালয় বা সংস্থার কী দায়িত্ব হবে, তা নির্ধারণে প্রণীত খসড়া চূড়ান্ত করতে উপ-কমিটি গঠনের কথা জানিয়ে রাজ্জাক বলেন, কন্টিনজেন্সি প্ল্যান'-এর একটি খসড়া ইতোমধ্যে করা হয়েছে। তবে তা চূড়ান্ত করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/এএল/এইচএ/২৩৪২ ঘ.
bdnews24