প্রদীপ চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আপিল বিভাগের রায় পর্যালোচনায় বঙ্গবন্ধুর পাঁচ খুনির করা আবেদন বুধবার খারিজ করেছে সর্বোচ্চ আদালত। ফলে খুনিদের ফাঁসির রায় কার্যকরে আইনগত আর কোনো বাধা থাকলো না।
প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বিশেষ বেঞ্চ সকাল সাড়ে ৯টায় খুনিদের রিভিউ আবেদন খারিজের আদেশ দেয়।
তিন দিনের শুনানিতে আসামি পক্ষ ও রাষ্ট্রপক্ষের বক্তব্য শোনার পর এ আদেশ হলো।
আদালত বলেছে, শুনানিতে আসামি পক্ষ যে সব যুক্তি উপস্থাপন করেছে, তা ইতিমধ্যে আপিল বিভাগের রায়ে নিষ্পত্তি হয়ে গেছে।
"রিভিউ পিটিশনস আর ডিসমিসড", এক কথায় আদেশ দেয় আদালত।
শুনানিতে আসামি পক্ষে বক্তব্য রেখেছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিনের কৌঁসুলি আবদুল্লাহ আল মামুন, সুলতান শাহরিয়ার রশিদ খানের কৌঁসুলি আব্দুর রেজ্জাক খান এবং সৈয়দ ফারুক রহমান ও মহিউদ্দিন আহমেদের কৌঁসুলি খান সাইফুর রহমান।
রাষ্ট্রপক্ষে বক্তব্য রাখেন এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও তৌফিক নেওয়াজ।
কড়া নিরাপত্তার মধ্যে গত রোববার রিভিউ আবেদনের শুনানি শুরু হয়। মঙ্গলবার শুনানি শেষে আদালত আদেশের দিন ঠিক করে।
দণ্ডিত বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ, ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ ও এ কে এম মহিউদ্দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।
এর মধ্যে বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ ও এ কে এম মহিউদ্দিন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করলেও তা নাকচ হয় বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
ফারুক রহমান ও সুলতান শাহরিয়ার রশিদ এখনো প্রাণ ভিক্ষার আবেদন করেননি।
গত ১৯ নভেম্বর ঐতিহাসিক এক রায়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি পাঁচ আসামির আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখে আপিল বিভাগ।
এরপর ৩ জানুয়ারি ঢাকার জেলা ও দায়রা জজ আবদুল গফুর আসামিদের মৃত্যু পরোয়ানা জারি করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল সেনা সদস্য ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে হানা দিয়ে আত্মীয়-স
bdnews24