২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে আ. লীগ নেতার বাড়িতে বোমা হামলা

ফেনীতে আওয়ামী লীগ নেতা আব্দুর রহমানের বাড়িতে বোমা হামলার অভিযোগ পাওয়া গেছে।(আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2010, 06:24 AM

Updated : 24 Aug 2022, 06:24 PM

ফেনী, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীতে আওয়ামী লীগ নেতা আব্দুর রহমানের বাড়িতে বোমা হামলার অভিযোগ পাওয়া গেছে। রহমান সাংবাদিকদের জানান, মঙ্গলবার ভোররাতে সন্ত্রাসীরা তার উকিল পাড়ার বাড়ি লক্ষ করে একটি বোমা ছুড়ে মারে। যা বিকট শব্দে বিস্ফোরিত হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রহমান ফেনী সদর উপজেলার চেয়ারম্যানও। ওই ঘটনার পর তার বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। রহমান বলেন, "ঘটনাটি পুলিশ সুপার মল্লিক ফখরুল ইসলামকে জানালে রাতেই বাসায় পুলিশ আসে।" পুলিশ সুপার সাংবাদিকদের জানান, ঘটনার তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। রহমান জানান, তিনি এ বিষয়ে থানায় মামলা করেছেন। মঙ্গলবার বিকালে ফেনী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ হামলার জন্য রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করেছেন তিনি। তবে রহমান কারো নাম উল্লেখ করেননি। তিনি বলেন, "যারা চায় না আমি জেলার সাধারণ সম্পাদক থাকি, ঢাকায় বর্ধিত সভায় যাই তারাই আমার বাড়িতে বোমা হামলা চালিয়েছে।" এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান নুর আহাম্মদ মজুমদার, ফেনী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন উর রশিদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি কোববাদ আহমদ। ঘটনার প্রতিবাদে বিকালে শহরে মিছিল-সমাবেশ হয় হয়েছে। মিছিলটি ট্রাংক রোড প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন- সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ, ফেনী পৌর শাখার সাধারণ সম্পাদক আবুল করিম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুসেন শীল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএসবি/২০২৭ ঘ.