চট্টগ্রাম, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধে শহীদ নৌ কমান্ডো মোহাম্মদ হোসেন বীর প্রতীক এর স্মৃতি রক্ষায় তার বসতভিটায় একটি 'স্মৃতি ভবন' নির্মাণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।
সোমবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই গ্রামে 'স্মৃতি ভবন' এর উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ আলম। চবির নিজের তহবিলের সাড়ে ৪ লাখ টাকায় এটি তৈরি করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, "মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী লাখো শহীদের কাতারে মোহাম্মদ হোসেন একটি উজ্জ্বল নক্ষত্র।"
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের চেইনম্যান মোহাম্মদ হোসেন ভারত থেকে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭১ সালের ২১ শে সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের ১৫ নম্বর জেটিতে শত্র" জাহাজ ধ্বংসের উদ্দেশ্যে পরিচালিত অভিযানে মাইন বিস্ফোরণে তিনি শহীদ হন। ওই অপারেশনে পাক বাহিনীর দুটি জাহাজ ধবংস হয়।
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য মোহাম্মদ হোসেনকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়। বাংলাদেশ নৌ বাহিনীর গানবোট বি.এন.এস.ফরিদ এর নাম তার ডাক নামেই রাখা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হুদা, চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এস.এম নছরুল কাদির, মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীর প্রতীক।
এসময় উপস্থিত অন্যান্য মুক্তিযোদ্ধারা মুক্তিযদ্ধ তার গুরুত্বপূর্ণ অবদানের স্মৃতিচারণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এসকে/২৩৪৫ঘ.
bdnews24