ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বনবিভাগের ভূমি অবৈধ দখলের অভিযোগ অস্বীকার করে 'যমুনা গ্রুপ' যে যুক্তি দিয়েছে তাকে আবারো নাকচ করে দিয়েছে সরকার।
পরিবেশ ও বন মন্ত্রণালয় সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জোর দিয়ে বলেছে, গাজীপুরের সফিপুরে চার দশমিক ৫৩ একর জমি অবৈধভাবে দখল করেছে যমুনা গ্রুপ। এ জমি গত ১৯৯৯ সাল থেকেই প্রতিষ্ঠানটির দখলে রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৯৮ সালের ২২ জুন যমুনা গ্রুপের চেয়ারম্যান ওই এলাকায় সাড়ে ১২ কাঠা জমি কেনার জন্য আবেদন করেন। কিন্তু বন বিভাগ তার কাছে জমি বিক্রি না করায় '৯৯ সালে তারা জমিটি দখল করেন।
গাজীপুর এলাকায় যমুনা গ্রুপ ছাড়া আরো ৬৮ জন বনভূমি জবরদখলকারী রয়েছেন উল্লেখ করে বলা হয়, এ নিয়ে যমুনা গ্রুপের চ্যালেঞ্জ অত্যন্ত বিভ্রান্তিকর।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে মামলা ও আদালতের রায়ের বিস্তারিত বিবরণ দিয়ে বলা হয়, 'যুগান্তর' এ প্রকাশিত খবরে আদালতের রায় যমুনার পক্ষে বলে দাবি করা হলেও তা সঠিক নয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়, যমুনা বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে ভূমির দখল বজায় রাখে। নিম্ন থেকে উচ্চ আদালত পর্যন্ত সব পর্যায়ে তাদের পক্ষে দেওয়া রায় রদ ও রহিত করা হয়েছে।
পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ সংসদের চলতি অধিবেশনে গাজীপুরের বনভূমির জবরদখলকারী হিসাবে ৬৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেন। এ তালিকায় যমুনা গ্রুপের নাম থাকায় গত ২২ জানুয়ারি যমুনা তাদের 'যুগান্তর' পত্রিকায় খবর প্রকাশ করে এ অবৈধ দখলের অভিযোগ চ্যালেঞ্জ করে প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সম্পর্কে বিভ্রান্তি দূর করতে পরিবেশ ও বন সচিব ড. মিহির কান্তি মজুমদার রোববার এ বিষয়ে 'প্রকৃত তথ্য' প্রকাশ করার পরও যমুনা গ্রুপ আবারো বিষয়টি চ্যালেঞ্জ করায় এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২৩২৪ঘ.
bdnews24