২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরকে বিভাগ ঘোষণা

বৃহত্তর রংপুর ও দিনাজপুরের আটটি জেলার সমন্বয়ে রংপুরকে নতুন বিভাগ ঘোষণা করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2010, 09:43 AM

Updated : 24 Aug 2022, 06:22 PM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহত্তর রংপুর ও দিনাজপুরের আটটি জেলার সমন্বয়ে রংপুরকে নতুন বিভাগ ঘোষণা করেছে সরকার। রংপুরকে বিভাগ ঘোষণা করা ছিল উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের দাবি। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ন্যাশনাল ইমপ্লিমেনটেশন কমিটি অন অ্যাডমিনিস্ট্র্রেটিভ রিফর্মস (নিকার)-এর এক বৈঠকে রংপুরকে বিভাগ হিসেবে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন তার প্রেস সচিব আবুল কালাম আজাদ। তিনি বলেন, "গত বছরের ১৩ জুলাই মন্ত্রিসভার বৈঠকে রংপুরকে বিভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য একটি কমিটি করা হয়। এই কমিটি ২১ জুলাই প্রতিবেদন দেয়। এর পরে আজ নিকারের বৈঠকে রংপুরকে অনুমোদন দেওয়া হয়।" তিনি জানান, দেশের সপ্তম বিভাগ রংপুর বিভাগের মোট লোকসংখ্যা হবে ১ কোটি ৩৮ লাখ ৪৭ হাজার এবং এতে জেলা থাকবে আটটি। এই আটটি জেলা হলো- রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, লালমনিরহাট, পঞ্চগড় ও ঠাকুরগাঁও। আজাদ জানান, নিকারের বৈঠকে বরিশাল শহরে আরো ৪টি নতুন মেট্রোপলিটন থানা এবং একটি থানার পুনর্গঠনের বিষয়টি অনুমোদন দেওয়া হয়। নতুন চারটি মেট্রোপলিটন থানা হলো- কাউনিয়া, এয়ারপোর্ট, বন্দরগঞ্জ ও বাবুগঞ্জ। পুনর্গঠিত থানা হলো কোতোয়ালি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/কিউএইচ/জিএনএ/এসকে/১৫৪০ ঘ.