২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিভিউ মঙ্গলবার পর্যন্ত মুলতবি

আপিল বিভাগের রায় পুনর্বিবেচনায় বঙ্গবন্ধুর খুুনিদের করা আবেদনের শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2010, 04:28 AM

Updated : 24 Aug 2022, 06:22 PM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আপিল বিভাগের রায় পুনর্বিবেচনায় বঙ্গবন্ধুর খুুনিদের করা আবেদনের শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। আসামি ফারুক রহমান ও মহিউদ্দিন আহমেদের কৌঁসুলি খান সাইফুর রহমান শুনানি শুরু করেন। এর আগে সুলতান শাহরিয়ার রশিদ খানের পক্ষে অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খান তার শুনানি শেষ করেন। গত রোববার শেষ হয় বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিনের করা আবেদনের শুনানি। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বিশেষ বেঞ্চে এ শুনানি শুরু হয়। শুনানিতে অংশ নিয়ে আব্দুর রেজ্জাক খান আদালতকে বলেন, শাহরিয়ার রশিদের বিরুদ্ধে যে অভিযোগে সাজা দেওয়া হয়েছে তা সঠিক নয়। এছাড়া রাষ্ট্রপক্ষের ৬১ নম্বর সাক্ষী আব্দুল কাহহার আকন্দ যে সাক্ষ্য এবং জেরা আদালতে দিয়েছেন তা বিবেচনায় আনা হয়নি। এর ফলে এ মামলাটির পূর্ণাঙ্গ বিচার করা হয়নি। তিনি আরও বলেন, ১৯৯৬ সালের ১৩ আগস্ট শাহরিয়ার রশিদকে আটক করা হলেও আদালতে হাজির করা হয়েছে প্রায় চার মাস পর ১১ ডিসেম্বর। এই সময়টা তিনি কোথায় ছিলেন কেউ তা জানেনা। অথচ তাকে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়েছে। এটা ফৌজদারী কার্যবিধি এবং সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারেরও পরিপন্থী। আটক অবস্থায় আদায় করা স্বীকারোক্তির ওপর ভিত্তি করে যে সাজা তাকে দেওয়া হয়েছে তা বেআইনী বলেও মত দেন এ আইনজীবী। ঘটনার সময় শাহরিয়ার রশিদ বেতার কেন্দ্রে দায়িত্ব পালন করতে গিয়েছিলেন মন্তব্য করে রেজ্জাক খান আদালতকে বলেন, "একজন সরকারি কর্মচারি হিসেবে তিনি রেডিও স্টেশনে দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। তা দখল করতে যাননি বা কোন ষড়যন্ত্রেও অংশ নেননি।" এ সময় আদালত বলেন, "যেদিন দেশের রাষ্ট্রপতিকে তার পরিবারসহ হত্যা করা হলো সেদিনই ভোর ৬ টায় শাহরিয়ার রশিদ কার নির্দেশে অবসরে থাকা অবস্থায় চাকরি পেয়ে রেডিও স্টেশনে গেলেন? এ থেকেই বুঝতে পারা যায় তিনি আগে থেকেই সব কিছু জানতেন।" গত ১৯ নভেম্বর এক রায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি পাঁচ আসামির আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখে আপিল বিভাগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কিউএইচ/আরএ/জিএনএ/এসকে/২৩৫৫ঘ.