খুলনা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে চুরির অর্থনীতি চালু করেছেন বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
তিনি বলেন, "তারেক রহমানের মত দুর্নীতিবাজকে আগামী দিনের রাষ্ট্রনায়ক বলে বাজারে কথা চালু করা হচ্ছে।"
শনিবার বিকালে খুলনা বিশ্ববিদ্যালয়ে 'পাট শিল্পের পুনর্গঠন: করণীয় ও চ্যালেঞ্জসমূহ' শীর্ষক আঞ্চলিক সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিন ও সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।
পাটের প্রধান সমস্যা উন্নতমানের বীজ না পাওয়া বলে দাবি করেন লতিফ সিদ্দিকী।
তিনি বলেন, "বাংলাদেশ ব্যাংক মনে করে পাট কৃষি পণ্য, আর অর্থ মন্ত্রণালয় মনে করে এটি শিল্প পণ্য। যে কারণে কৃষকরা টাকা পায় না।"
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লতিফ সিদ্দিকী বলেন, আগামী পাট মওসুমে বন্ধ হয়ে যাওয়া খুলনার দৌলতপুর ও পিপলস জুট মিল এবং কওমী জুট মিল চালু করা হবে।
কাঁচা পাট রপ্তানীর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার সম্পর্কে তিনি বলেন, যে সমস্ত পাটের এলসি (লেটার অব ক্রেডিট) খোলা রয়েছে, তা রপ্তানি হবে এবং খুব শিগগিরই নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে।
পাটমন্ত্রী সরকারি কর্মচারী, শ্রমিক নেতা ও দেশের অর্থনীতিবিদদের সমালোচনা করে চরিত্র পাল্টানোর আহ্বান জানান।
তিনি বলেন, "অর্থনীতিবিদরা আমাদের দিকহীন করে রেখেছেন।"
সংলাপে সভাপতিত্ব করেন সিপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. সাইফুদ্দিন শাহ, উপ-উপাচার্য ড. পূর্ণেন্দু গাইন।
মুক্ত আলোচনায় অংশ নেন- সাংসদ ননী গোপাল মণ্ডল, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সাংসদ শেখ হারুনুর রশীদ, ক্রিসেন্ট জুট মিলের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন ও খালিদ হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩৫ ঘ.
bdnews24