রাঙামাটি, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে বিরাজমান সকল বাধা অপসারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) চুক্তি বাস্তবায়নে বাধা আখ্যা দিয়ে পার্বত্যাঞ্চলে সক্রিয় সংগঠনটিকে নিষিদ্ধ করার দাবি জানান তিনি।
শনিবার রাঙামাটির পৌর মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পৌর শাখার দিনব্যাপী কর্মী সম্মেলনে সন্ত লামরা এসব দাবি জানান।
জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে সংস্কারপন্থী হিসেবে পরিচিত দলের একটি অংশের তৎপরতাকেও বাধা মনে করেন।
জনসংহতি সমিতির পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি নীলোৎপল খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন- দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সম্পাদক প্রণতি বিকাশ চাকমা, ছাত্র ও রাজনৈতিক বিষয়ক সম্পাদক উষাতন তালুকদার, তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক থৈম্রাচিং চৌধুরী, জেলা শাখার সভাপতি গুণেন্দু বিকাশ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি উদয়ন ত্রিপুরা, জেলা পার্বত্য মহিলা সমিতির সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা ও জেলা হিল ইউমেন্স ফেডারেশনের সভাপতি জোনাকী চাকমা প্রমুখ।
চুক্তি বাস্তবায়নে অচিরেই সময়সূচি ভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষণার দাবি জানিয়ে বক্তারা বলেন, সরকার ক্ষমতায় আসার পর গত ১৩ মাসেও চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে।
চুক্তি বাস্তবায়নের ব্যাপারে সরকারের সদিচ্ছা ও আন্তরিকতা নিয়ে সন্দেহও প্রকাশ করেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৯ ঘ.
bdnews24